আবার একসঙ্গে ‘ওম-তোড়া’ জুটি, নেপথ্যে ‘কুঁড়ে ঘরে রাজকন্যা’
ছোট পর্দার অন্যতম প্রিয় জুটি রাজা ও মধুবনী গোস্বামী। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও একফ্রেমে ধরা দিতে চলেছেন তাঁরা। পুত্র কেশবের জন্মের পর মধুবনী দীর্ঘ সময় অভিনয় থেকে দূরে ছিলেন। অন্যদিকে, রাজাকে শেষ দেখা গিয়েছিল স্টার জলসার ‘চিরসখা’ ধারাবাহিকে।
রাহুলের মৃত্যু:
২৯ মার্চ তালসারির সমুদ্রসৈকতে শুটিং করতে গিয়ে মৃত্যু হয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। প্রাথমিক তদন্তে প্রযোজনা সংস্থার গাফিলতির তত্ত্ব উঠে আসে। বয়কট করা হয় ‘ম্যাজিক মোমেন্টস’কে। ওই প্রযোজনা সংস্থার তত্ত্বাবধানে যে ক’টি সিরিয়ালের শুটিং চলছিল, তা মাঝপথে বন্ধ হয়ে যায়।
মাঝপথে বন্ধ ‘চিরসখা’:
ঘটনাচক্রে, রাজা যে সিরিয়ালে অভিনয় করছিলেন সেটিও ওই প্রযোজনা সংস্থার। ‘চিরসখা’ মাঝপথে বন্ধ হয়ে যাওয়ার পর তিনি বেশ কিছুদিন পর্দার আড়ালে ছিলেন। তবে এ বার মেগা নয়, এই তারকা দম্পতিকে দেখা যাবে যাত্রার আসরে।
অভিনয়ের পাশাপাশি ব্যবসা:
অভিনয় জগৎ থেকে দূরে সরে থাকলেও মধুবনী এবং রাজা নিজেদের ব্যবসা নিয়ে যথেষ্ট ব্যস্ত। এ ছাড়া দৈনন্দিন জীবনের খুঁটিনাটি নিয়ে ভ্লগও করেন মধুবনী। সম্প্রতি ভ্লগের মাধ্যমেই তিনি তাঁদের কামব্যাকের খবরটি জানিয়েছেন।
কেশবের পাঁচ বছরে পা:
মধুবনী জানান, কোভিডের সময় তাঁর ছেলে কেশব জন্ম নেয়। কেশবের জন্যেই গত ৫ বছর তিনি অভিনয় জগৎ থেকে দূরে ছিলেন। সম্প্রতি কেশবের পাঁচ বছরের জন্মদিন পালন করেছেন রাজা-মধুবনীরা।
যাত্রার মঞ্চে ‘ওম-তোড়া’:
চলতি বছর এই দম্পতি যে যাত্রাপালায় অভিনয় করছেন তার নাম ‘কুঁড়ে ঘরে রাজকন্যা’। যাত্রার জগতে এটি তাঁদের ষষ্ঠ বছর। এর আগে পাঁচবার তাঁদের একসঙ্গে যাত্রার মঞ্চে দেখা গিয়েছে।
ফের জুটিতে ‘ওম-তোড়া’:
অভিনেত্রী জানান যে, যদিও তিনি ব্যবসার কাজে যুক্ত ছিলেন। তবে অভিনয়ের মাধ্যমে মানুষ তাঁদের চিনেছেন। এক সময়ে ‘ওম-তোড়া’ জুটি মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল। সেখান থেকেই রাজা-মধুবনীর প্রেম এবং বিয়ে। তাই আবার অভিনয়ের জগতে ফিরতে পেরে মধুবনী অত্যন্ত তৃপ্ত।