Dilip Ghosh on Police: ‘পুলিশের শরীরী ভাষা বদলে গিয়েছে…’, কীসের ইঙ্গিত দিচ্ছেন দিলীপ? - 24 Ghanta Bangla News
Home

Dilip Ghosh on Police: ‘পুলিশের শরীরী ভাষা বদলে গিয়েছে…’, কীসের ইঙ্গিত দিচ্ছেন দিলীপ?

Spread the love

Dilip Ghosh on Police: ‘পুলিশের শরীরী ভাষা বদলে গিয়েছে…’, কীসের ইঙ্গিত দিচ্ছেন দিলীপ?

কলকাতা: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ‘ভ্যানিশ কুমার’ বলে বারেবারে কটাক্ষ করতে শোনা গিয়েছিল তৃণমূলকে। এবার সেই বক্তব্যকেই সামনে রেখে, ভোট পরিচালনায় কমিশনকে ফুল মার্কস দিয়ে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের কটাক্ষ, “জ্ঞানেস কুমারকে যারা ভ্যানিশ কুমার বলেছিল তারাই ভ্যানিশ হয়ে যাওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে।” শুধু তাই নয়, বিজেপি নেতার ভবিষ্যদ্বাণী, পুলিশের শরীরী ভাষা যখন বদলে গিয়েছে তখনই বোঝা যাচ্ছে পরিবর্তন হবে।

দিলীপ বলেন, “উনি এবার দুই দফায় ভোট করে খুব বড় চ্যালেঞ্জ নিয়েছিলেন। শান্তিপূর্ণ এবং ঐতিহাসিক ভোট করে দেখিয়েছেন। চাইলে প্রশাসন অনেক কিছু করতে পারে।” এরপরই পুলিশের ভূয়সী প্রশংসা করেছেন তিনি। তারপর বলেন, “শুধু উনি নন, কাল কেন্দ্রীয় আধা সেনা তাঁদের কর্তব্য করেছে। এমনকী, পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের শরীরী ভাষা বদলে গিয়েছে।” দিলীপের বক্তব্য, পুলিশ চাইছে সুযোগ দেওয়া হোক। কিছু করে দেখাতে চাইছে।

এরপর সুষ্ঠ ভোট ও বিজেপির প্রশংসা করেন। ভোট পরিচালনায়ও জ্ঞানেশ কুমারেরও প্রশংসা করেন। তিনি বলেন, “পনেরো বছর ধরে রাজত্ব করা শাসক দলের কাছে এবারের নির্বাচনে আর কোনও ইস্যু ছিল না। যেদিন থেকে SIR কথাটা উচ্চারণ হয়েছে সেদিন থেকে বলা হয়েছে SIR করতে দেব না। BLO ইউনিয়ন তৈরি করে ফেলা, জ্ঞানেশ কুমারকে কালো পতাকা দেখানো, গো-ব্যাক বলা হয়েছে। কিন্তু এত কিছুর পরও তিনি নড়েননি। করে দেখিয়ে দিয়েছেন। বাঙালির ঘিলু শুকিয়ে যায়নি যে আবার তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে।”

এখানে উল্লেখ্য, এবার ভোটদানে রেকর্ড গড়েছে বাংলা। এবার মূলত, শান্তিপূর্ণ ভোট করানোই ছিল মূলত নির্বাচন কমিশনের কাছে চ্যালেঞ্জ। ভোটাররা যাতে ভয়হীন ভাবে ভোট দিতে যেতে পারেন, সেই দিকে বারেবারে নজর রেখেছে কমিশন। ভোট শুরুর অনেক আগেই আস্থা জোগাতে বঙ্গে হাজির করানো হয়েছিল কেন্দ্রীয় বাহিনীকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *