Abhishek Banerjee on WB Election 2nd Phase: ‘প্রথম দফায় বিজেপি কুপোকাত হয়েছে, এই দফায় দফারফা হবে’, ভোট দিয়ে বেরিয়ে বললেন অভিষেক – Bengali News | WB Assembly Election Second Phase: Abhishek Banerjee After Voting: ‘BJP Crushed in Phase 1, Will Be Wiped Out in Phase 2
ভোট দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।Image Credit: TV9 বাংলা
কলকাতা: সকাল সকাল ভোট দিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মিত্র ইন্সটিটিউটে ভোট (WB Election 2026) দেন তিনি। ভোট দিয়ে বেরিয়েই অভিযোগ আনলেন অবজার্ভার (Observer)-দের বিরুদ্ধে। তিনি অভিযোগ করেন যে তৃণমূল কংগ্রেসের (TMC) কর্মীদের ধমকানো-চমকানো হচ্ছে।
অভিষেক বলেন, “আপনারা জানেন, হাইকোর্টের অর্ডার থাকা সত্ত্বেও সাধারণ মানুষদের ভয় দেখাতে এক্তিয়ার বিরুদ্ধ কাজ করা হচ্ছে। এমনিতেই গায়ের জোরে ৩০ লক্ষের নাম বাদ দিয়েছে। এতে কোনও লাভ হবে না। প্রথম দফায় বিজেপি কুপোকাত হয়ে গিয়েছে। এই দফায় দফারফা হবে।”
তিনি আরও বলেন, “এক্তিয়ার বিরুদ্ধ কাজ করছে। সিআরপিসি-র কোথাও কোনও প্রভিশন নেই। বিএনএসের প্রভিশন নেই। নির্বাচন কমিশনের কোনও গাইডলাইন নেই। কোনও অবজার্ভারকে অধিকার দেওয়া নেই বাড়ি বাড়ি গিয়ে রেইড করার। অবজার্ভাররা নির্বাচন কমিশনের চোখ ও কান হিসাবে কাজ করবে এবং রিপোর্ট দেবে এসপি-কে। রিপোর্ট দেবে নির্বাচন কমিশনকে। তারপর নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে কীভাবে কী করা উচিত। কিন্তু তারা বিভিন্নভাবে ধমকানো-চমকাচ্ছেন। বিশেষ করে যাদের বিরুদ্ধে কোনও কেস নেই, সেই সব তৃণমূল কর্মীদের শাসাচ্ছে-চমকাচ্ছে। এইসব করে কোনও লাভ হবে না।”
জয় নিয়ে আত্মবিশ্বাসী অভিষেক। তিনি বলেন, “উত্তর প্রদেশ থেকে এক অফিসার নিয়ে আসা হয়েছে ফুটেজ খেতে। নিজের ফুটেজ বেরিয়ে গিয়েছে। নির্বাচনের রুল বুক মেনে কাজ করছেন না পর্যবেক্ষকরা। এই সব কোনও ট্রিকই কাজ করবে না। ব্যালট খুললে ছবি স্পষ্ট হয়ে যাবে। তৃণমূল কংগ্রেস আরও বেশি ভোট ও সমর্থন নিয়ে ক্ষমতায় আসবে। “