Utshav Mukherjee: নিখোঁজ হওয়ার ২৪ দিন পর স্ত্রীকে নিয়ে বড় পোস্ট উৎসবের, কী লিখলেন পরিচালক? – Bengali News | Tollywood Director Utshav Mukherjee Post after 24 days on his well being
উৎসব মুখোপাধ্যায় ও তাঁর স্ত্রী মৌপিয়া। Image Credit: Facebook
গত রবিবারই সোশাল মিডিয়ায় পোস্ট করে পরিচালক উৎসব মুখোপাধ্য়ায়ের (Utshav Mukherjee) স্ত্রী জানিয়ে ছিলেন, উৎসব একেবারেই ঠিক আছেন এবং দিল্লিতে তাঁর এক বন্ধুর বাড়িতে রয়েছে। এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে যেভাবে উৎসবের হঠাৎ নিখোঁজ হওয়ার ঘটনায় টলিপাড়ায় উদ্বেগ ছড়িয়ে ছিল, অবশেষে তাঁর নিষ্পত্তি ঘটল রবিবার উৎসবের স্ত্রী মৌপিয়ার এই বার্তায়। আর এবার নিজেই মুখ খুললেন উৎসব। দিল্লি থেকেই সোশাল মিডিয়ায় লিখলেন, কেমন আছেন তিনি?
গত ২ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়। রবিবার নিজের ফেসবুক প্রোফাইলে তাঁর স্ত্রী মৌপিয়া লেখেন, “উৎসবের খোঁজ পাওয়া গিয়েছে। ও বর্তমানে কলকাতার বাইরে এক বন্ধুর সঙ্গে রয়েছে। আমি নিজে সেখানে যাচ্ছি ওকে ফিরিয়ে আনতে।” দীর্ঘ প্রায় তিন সপ্তাহেরও বেশি সময় ধরে চলা অসহ্য মানসিক চাপের পর মৌপিয়ার এই পোস্টটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। তবে উৎসব এতদিন কোথায় ছিলেন বা কেন নিখোঁজ হয়েছিলেন, তা নিয়ে এখনও ধোঁয়াশা বজায় রেখেছেন তিনি। মৌপিয়া তাঁর পোস্টে আরও যোগ করেন, “এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু আমি জানি না। দয়া করে আমাকে কিছুটা সময় দিন। বিস্তারিত জানতে পারলে আমি অবশ্যই আপনাদের জানাব।”
কী লিখলেন পরিচালক?
অন্যদিকে, মঙ্গলবার স্ত্রী মৌপিয়ার সঙ্গে ছবি পোস্ট করে উৎসব লিখলেন, ”আমি উৎসব। আমি এখন আমার স্ত্রীর সঙ্গে দিল্লিতে আছি এবং আমি ভালো আছি। আমি জানি আপনারা সবাই আমার জন্য অত্যন্ত দুশ্চিন্তায় ছিলেন, তার জন্য আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। তবে আমি একটা কথা বলতে চাই—আপনাদের দুশ্চিন্তার কারণ হতে পারে এমন কোনও পরিস্থিতি তৈরি করার বিন্দুমাত্র ইচ্ছে আমার ছিল না। কিন্তু জীবন মাঝে মাঝে আমাদের এমন কিছু মোড়ে দাঁড় করিয়ে দেয় যা ভাবা যায় না। আমি আন্তরিকভাবে দুঃখিত।
এই পোস্টে উৎসব আরও লেখেন, ”এই মুহূর্তে আমার এবং মৌপিয়ার কিছুটা ব্যক্তিগত একান্ত সময়ের প্রয়োজন, তাই আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি যে আমাদের এই সামান্য সময়টুকু দিন। আমি কথা দিচ্ছি, কলকাতায় ফিরে আমি অবশ্যই আপনাদের সকলের সঙ্গে যোগাযোগ করব। আমি এবং আমার স্ত্রী আপনাদের কাছ থেকে যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তাতে আমরা অভিভূত। আমি আমাদের গতকাল তোলা এই ছবিটি এখানে পোস্ট করতে চাই এবং আপনাদের আশীর্বাদ ও শুভেচ্ছা প্রার্থনা করছি। ধন্যবাদ।”