Iran-US War: খুলবে হরমুজ়, ইরানের তিন শর্ত! ফের গোঁসা ট্রাম্পের, যুদ্ধের আঁচ বাড়বে? – Bengali News | Donald Trump reportedly not accepting Iran’s conditions to America
ডোনাল্ড ট্রাম্প ও খামেনেইImage Credit: Tv9 Bangla
ওয়াশিংটন :শুরু হলে তার শেষও হয়। কিন্তু, ইরান-আমেরিকা যুদ্ধের শেষ কোথায়, তা কেউ জানে না। আদৌ তা শেষ হবে কি না তাতেও ধোঁয়াশা তৈরি হয়েছে। হরমুজ় নিয়ে জটিলতাও অব্যাহত রয়েছে। এরইমধ্যে দুই দেশের মধ্যে দ্বিতীয় দফায় আলোচনাও ভেস্তে গিয়েছে। এই আবহে ইরান জানিয়ে দিয়েছে, তারা হরমুজ় খুলতে প্রস্তুত। কিন্তু, তার জন্য আমেরিকাকে মানতে হবে তিনটি শর্ত। এদিকে, ট্রাম্প ইরানের শর্তে একেবারেই খুশি নন। তাহলে কি এবারও শান্তি আলোচনা বিশবাঁও জলে?
কী শর্ত দিয়েছে ইরান?
জানা গিয়েছে, তেহরান আমেরিকাকে যে শর্ত দিয়েছ, তার মধ্যে রয়েছে ইরানের বন্দরগুলোর ওপর থেকে মার্কিন নৌ অবরোধ তুলে নিতে হবে। একইসঙ্গে পারমাণবিক আলোচনা স্থগিতেরও শর্ত দেওয়া হয়েছে। এদিকে, ইরান ও লেবাননের উপর হামলা বন্ধ করতে হবে দাবি জানানো হয়েছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, সপ্তাহান্তে ওমান ও পাকিস্তানের সঙ্গে সাক্ষাতের সময় ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির তিন শর্তের প্রস্তাবটি দিয়েছেন ও আলোচনা পুনরায় শুরু করার উদ্যোগ দেখিয়েছেন।
ট্রাম্প কী বলছেন?
দ্য নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী, ট্রাম্প এবং তাঁর জাতীয় নিরাপত্তা দল ইরানের প্রস্তাব নিয়ে সন্দিহান প্রকাশ করেছে। ট্রাম্প কেন এই প্রস্তাবে সন্তুষ্ট নন তা স্পষ্ট নয়। ট্রাম্প বারবার জোর দিয়ে বলেছেন যে, ইরানের কাছে কোনও পারমাণবিক অস্ত্র থাকতে পারে না। ইরানের উপর হামলা ও এই যুদ্ধের পিছনে প্রধান কারণ ছিল তেহরান যা পারমাণবিক কর্মসূচি চালিয়ে না যেতে পারে, তা নিশ্চিত করা। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও ইরানের পারমাণবিক কর্মসূচিকে বাদ দিয়ে কোনও চুক্তির সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তবে, এই বিষয়ে হোয়াইট হাউজ়ের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে, সূত্রের খবর, ইরানের শর্তে খুব একটা খুশি নন ট্রাম্প। এই তিন শর্তও তিনি মানবেন না বলে জানা গিয়েছে।