GPS tracking EVM vehicles: ইভিএম বহনকারী সব গাড়িতে জিপিএস ট্র্যাকিং! এবার আরও কড়া কমিশন - Bengali News | EC Introduces GPS Tracking in EVM Vehicles to Ensure Free and Fair Assembly Elections - 24 Ghanta Bangla News
Home

GPS tracking EVM vehicles: ইভিএম বহনকারী সব গাড়িতে জিপিএস ট্র্যাকিং! এবার আরও কড়া কমিশন – Bengali News | EC Introduces GPS Tracking in EVM Vehicles to Ensure Free and Fair Assembly Elections

Spread the love

গাড়িতে লাগানো হচ্ছে জিপিএসImage Credit: TV9 Bangla

বর্ধমান:  বিধানসভা নির্বাচনে নজিরবিহীন নজরদারি। ইভিএম বহনকারী সব গাড়িতে জিপিএস ট্র্যাকিং। অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের। বিধানসভা নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করতে একাধিক নজিরবিহীন পদক্ষেপ গ্রহণ করেছে ভারতের নির্বাচন কমিশন। ভোটের কাজে ব্যবহৃত অন্যান্য গাড়ির পাশাপাশি ইভিএম বহনকারী সমস্ত গাড়িতে বসানো হচ্ছে জিপিএস (GPS) ট্র্যাকিং ডিভাইস। এর ফলে গাড়িগুলির গতিবিধির ওপর সরাসরি নজরদারি চালাতে পারবে কমিশন।

জানা গিয়েছে, কেন্দ্রীয় বাহিনীর গাড়ি, সেক্টর অফিসারদের যানবাহন থেকে শুরু করে ভোটকর্মীদের সঙ্গে বুথে ইভিএম বহনকারী প্রতিটি গাড়িই এই ট্র্যাকিং ব্যবস্থার আওতায় আনা হয়েছে। ডিসিআরসি (DCRC) থেকে বুথে যাওয়া এবং ভোটগ্রহণ শেষে বুথ থেকে ইভিএম ফেরত আনার প্রতিটি ধাপেই এই নজরদারি কার্যকর থাকবে।
আগামী ২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন। তার আগে ২৭ এপ্রিল থেকেই শুরু হয়েছে গাড়িগুলিতে জিপিএস ডিভাইস বসানোর কাজ।

২৮ এপ্রিল সকাল থেকে বর্ধমানের ইউআইটির ডিসিআরসি কেন্দ্রে জোরকদমে চলছে এই ডিভাইস স্থাপনের কাজ। প্রযুক্তিগত প্রক্রিয়ায় প্রথমে গাড়িতে জিপিএস মেশিন ফিট করা হচ্ছে এবং তাতে একটি সিম কার্ড সংযুক্ত করা হচ্ছে। এরপর ডিভাইসের সঙ্গে থাকা কিউআর কোড একটি নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে স্ক্যান করা হচ্ছে। সেই অ্যাপে গাড়ির নম্বর, চালকের নাম এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সংরক্ষিত থাকছে। এর ফলে প্রতিটি গাড়ির রিয়েল-টাইম অবস্থান ও গতিবিধি সরাসরি পৌঁছে যাবে নির্বাচন কমিশনের নজরে।

জেলা নির্বাচন দফতর সূত্রে খবর, ইভিএম ও ভোটকর্মীদের পরিবহণের জন্য জেলায় প্রায় ২৯০০টি গাড়িতে ইতিমধ্যেই এই জিপিএস ট্র্যাকিং ডিভাইস বসানো হয়েছে।
এই ব্যবস্থার ফলে গাড়িগুলি কোন রুটে চলাচল করছে তা যেমন নজরে রাখা যাবে, তেমনই পথে কোনো সমস্যা হলে দ্রুত সেই গাড়ির অবস্থান নির্ণয় করে প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে মনে করছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *