Bankura Assembly Election 2026: দ্বিতীয় দফার ভোটের আগে থেকে শুরু হয়ে গেছে আবির কেনা, কোন রঙের আবির বেশি বিক্রি হচ্ছে জানেন? – Bengali News | Before West Bengal Election Counting Abir Is Selling In Bankura
বাঁকুড়ায় আবির কেনা শুরুImage Credit: Tv9 Bangla
বাঁকুড়া: প্রথম দফার ভোটগ্রহণ হয়ে গেছে। রাত পেরোলেই দ্বিতীয় দফার ভোটগ্রহণ। তার আগেই বাঁকুড়া জেলায় তুঙ্গে আবিরের চাহিদা। নিজের পছন্দের রাজনৈতিক দলের পতাকার রঙের আবির কিনতে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা ভিড় জমাচ্ছেন আবিরের দোকানে। অসময়ে চাহিদা দেখে বিপুল পরিমাণ আবির মজুত করেছেন ব্যবসায়ীরা। তবে, কোন আবির কেনার চাহিদা এবার তুঙ্গে জানেন?
এমনিতে হোলির সময় ছাড়া আবিরের চাহিদা তেমন একটা থাকে না। কখনো কখনো বিভিন্ন পুজোর প্রয়োজনে খুব সামান্য পরিমাণ আবির কিনে নিয়ে যান সাধারণ মানুষ। কিন্তু এবার ৪ মে ভোট গণনাকে ঘিরে বাংলার মানুষ যে মাততে চলেছে অকাল হোলিতে তার আগাম আভাস মিলছে সর্বত্র। প্রথম দফার নির্বাচন শেষ হতেই বাঁকুড়া জেলার দোকানে দোকানে বিক্রি হতে শুরু করেছে রঙ বেরঙের আবির। তবে তার মধ্যে সবুজ, গেরুয়া এবং লাল আবিরের চাহিদাই বেশি। রাজনৈতিক দলের কর্মীরা নিজেদের পছন্দের আবির আগে থেকেই মজুত করতে শুরু করতে শুরু করেছেন। চাহিদা বাড়তে দেখে সবুজ, গেরুয়া ও লাল আবিরের মজুত বাড়িয়েছেন ব্যবসায়ীরাও।
ব্যবসায়ী মানস রক্ষিত বলেন, “গেরুয়া ও সবুজের চাহিদা আছে। কোনও বার হয়নি এবার অল্প-অল্প লাল আবিরও কিনছে। তবে গেরুয়া আর সবুজের চাহিদা বাড়ব।” ব্যবসায়ী স্বপন কুন্ডু বলেন, “লাল-গেরুয়ার চাহিদা আছে। বিক্রি হচ্ছে বেশি সবুজ আর গেরুয়া। তবে শুধু ভোটের জন্য নয় হরিবোল মেলা আছে তো তার জন্যও বাড়ছে।” ব্যবসায়ী পার্থ কর্মকার বলেন, “গেরুয়া-সবুজ সব স্টক আছে। বিক্রি ভাল হচ্ছে। বেশি বিক্রি হচ্ছে গেরুয়া সবুজ। অনেক সেল হচ্ছে।”