MI vs CSK IPL 2026 Result: ওয়াংখেড়েতে দাপট সঞ্জুর, আকিলের বোলিংয়ে উজ্জ্বল সিএসকে! - 24 Ghanta Bangla News
Home

MI vs CSK IPL 2026 Result: ওয়াংখেড়েতে দাপট সঞ্জুর, আকিলের বোলিংয়ে উজ্জ্বল সিএসকে!

Spread the love

MI vs CSK IPL 2026 Result: ওয়াংখেড়েতে দাপট সঞ্জুর, আকিলের বোলিংয়ে উজ্জ্বল সিএসকে!

কলকাতা : চেন্নাইয়ের বিরুদ্ধে শেষ কবে এতটা অসহায় লেগেছে মুম্বইকে, মনে পড়ছে না। না মনে পড়ারই কথা। ৫ বারের চ্যাম্পিয়ন, আইপিএল ইতিহাসের সবথেকে সফলতম দল, ক্রমাগত সাধারণ থেকে অসাধারণ খেলোয়াড় বানানোর দায়িত্ব নিয়ে চলেছে প্রতি বছর কিন্তু আজ ? ১০৩ রানে হার ? এই লজ্জা লুকোবে কোথায় মুম্বই ? অখ্যাত ‘আকিল হুসেন’ নিজের হাতে ধ্বংস করে দিলেন মুম্বইয়ের স্বপ্ন ? ২০৮ তাড়া করতে গিয়ে ১৯ ওভারে ১০০ রান তুলতে গিয়ে হিমশিম খেল মুম্বই ? এও কী সম্ভব ?

টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন মুম্বই ক্যাপ্টেন হার্দিক পাণ্ডিয়া। আজ যে দুজনের মাঠে নামা নিয়ে এত কথা উঠেছিল, এত সম্ভাবনা দেখা গিয়েছিল, সেসব কিছুই হল না। রোহিত ও ধোনি কেউই মাঠে নামলেন না। এরফলে আরও অপেক্ষা বাড়ল সমর্থকদের।  ব্যাটে নেমে আজও ব্যর্থ অধিনায়ক ঋতুরাজ। করলেন মাত্র ২২ । ৮ বলে ১৪ করলেন সরফরাজ। শিবম দুবে থেকে ডেওয়াল্ড ব্রেভিস, বড় রান কেউই করতে পারলেন না। ৭ বলে ১৫ রানে অপরাজিত রইলেন জেমি ওভারটন। কিন্তু যাঁর কথা না বললেই নয়, তিনি সঞ্জু স্যামসন। এই নিয়ে চলতি আইপিএলে দ্বিতীয় সেঞ্চুরি করে ফেললেন সঞ্জু। চার ম্যাচ আগেই এসেছিল সেঞ্চুরি। আজ আবার। এই কথা বললে কোনও দ্বিধা নেই যে, চেন্নাই জলের দামে শরবত নয়, পান্তা ভাতের দামে বিরিয়ানি পেয়ে গিয়েছে। বিশ্বকাপের শেষ তিন ম্যাচ থেকে আইপিএল, রবীন্দ্র জাদেজার বদলে ৩১ বছর বয়সী সঞ্জুকে দলে নিয়ে যে চমক দেখিয়েছিল সিএসকে, কেউ কেউ ২০১৩-১৪র সেই কুখ্যাত সময়ের ‘রিস্কের’ তুলনা করতেই পারেন। শেষ বলে ছুঁলেন শতকের মাইলফলক, তারপরেই চিরাচরিত হেলমেট খুলে সেলিব্রেশন। এমনকি ডাগআউটে ফেরার সময় তাঁকে অভিবাদন জানালেন সূর্যকুমার যাদব। ২০ ওভারে ২০৭ করল চেন্নাই।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে শুরু করে মুম্বই ইন্ডিয়ান্স। একসময় ১১ রানে ৩ উইকেট চলে গিয়েছিল মুম্বইয়ের। আকিল হুসেন থেকে নূর আহমেদ, চেন্নাইয়ের হয়ে হলুদ জার্সিতে সোনা ফলালেন দুজনেই। একসময় পাল্টা লড়াই শুরু করেছিলেন সূর্য ও তিলক কিন্তু দুই ওভারের মধ্যেই আউট হয়ে গেলেন দুইজন ফলে বিপদ আরও বাড়ল মুম্বইয়ের। আজ ভাল বোলিং করলেন মুকেশ চৌধুরীও । ৪ ওভার বল করে ৩১ রান দিয়ে ১ উইকেট নিলেন মুকেশ। গতকাল মা মারা গিয়েছেন মুকেশের। আজ দলে যোগ দিয়েছেন মুকেশ। কিন্তু একবারের জন্যও তাঁকে দেখে মনে হয়নি, ব্যক্তিগত জীবনে কী ঝড় চলছে তাঁর ! ৮৪ রানে ৪ উইকেট থেকে ২০ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে ফেলল মুম্বই। ১০৪ রানে অল আউট হয়ে গেল রোহিতের ছেলেরা। ১০৩ রানে জিতে শেষ চারের আশা জিইয়ে রাখল সিএসকে।

এই আইপিএলে এর আগে শোচনীয় অবস্থা ছিল চেন্নাইয়ের। আজ জিতে ৩ জয় সহ ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পঞ্চম স্থান অধিকার করল চেন্নাই। এর আগেও এমন জায়গা থেকে কামব্যাক করেছে সিএসকে। এবারেও একই কামব্যাক আশা করছেন হলুদ জার্সির সমর্থকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *