ভোট দিয়ে বেরিয়েই হাসতে হাসতে অরিজিৎ বলেই ফেললেন… – Bengali News | Arjit singh cast his vote at jiaganj murshidabad with his wife
বছরের শুরুতেই সিনেমার প্লে ব্য়াক থেকে অবসর ঘোষণা করে চমকে দিয়েছিলেন অরিজিৎ সিং। তারপর থেকে রোজ চর্চায় থাকতেন দেশের এক নম্বর গায়ক। কখনও তাঁর মান ভাঙাতে মুম্বই থেকে উড়ে আসতেন আমির খান। কখনও টলিউড থেকে অরিজিতের কাছে যেতেন তাবড় পরিচালকরা। এরই মাঝে গুঞ্জনে আসে, অরিজিৎ সিং নাকি রাজনীতিতে পা দিতে চলেছেন। রটে যায়, অন্য কোনও দলের হয়ে নয়, বরং নিজেই পার্টি খুলতে চলেছেন অরিজিৎ। তবে আপাতত সে গুঞ্জনে ইতি। বৃহস্পতিবার বাংলার প্রথম দফার বিধানসভা নির্বাচনে সস্ত্রীক ভোট দিলেন অরিজিৎ সিং। নীল রঙের শর্ট কুর্তা, মাথায় বান্ডানা পরে এক মুখ হাসি নিয়ে দেখা গেল অরিজিৎকে। সাংবাদিকের প্রশ্নে হেসেই কুপোকাত গায়ক।
কী বললেন অরিজিৎ?
বৃহস্পতিবার ভোট দিয়ে বের হওয়ার পরই অরিজিৎকে ছেকে ধরেন সাংবাদিকরা। গায়ককে বলা হয় অনুরাগীদের জন্য বিশেষ বার্তা দিতে। হেসে ফেলেন অরিজিৎ। তারপর স্পষ্ট বলেন, ”এই তো ভোট দিলাম। এবার কী আর বার্তা দেব। আমি কিছু বললে, লোকে আমাকে নেতা ভেবে ফেলবে।”
মুর্শিদাবাদের জিয়াগঞ্জ শহরের প্রীতম সিং প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন অরিজিৎ সিং। এখানেই ভোট দিয়েছেন তাঁর পরিবারের লোকও। জিয়াগঞ্জ কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী শাঁওনী সিং রায় এবং বিজেপির গৌরীশঙ্কর ঘোষ।