EVM Controversy: গাড়িতে দ্বিতীয় ইভিএম! বড় অভিযোগ বিজেপির, রাতে উত্তেজনা হলদিবাড়িতে – Bengali News | EVM controversy in Haldibari, BJP suspected EVM machine can be changed
ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনীImage Credit: TV9 Bangla
হলদিবাড়ি: পশ্চিমবঙ্গে প্রথম দফাতেই পড়েছে রেকর্ড ভোট। ৯০ শতাংশের বেশি ভোট পড়েছে ১৫২টি কেন্দ্রে। এরপরই রাতে ইভিএম বদলের অভিযোগ তুলে সরব বিজেপি। গাড়িতে মিলল দ্বিতীয় ইভিএম। মধ্যরাতে তুমুল উত্তেজনা সীমান্ত শহর হলদিবাড়িতে। বদলানো হতে পারে ইভিএম মেশিন। এই আশঙ্কায় সেক্টর অফিসারের গাড়ি আটকান বিজেপির কর্মী সমর্থকরা।
কোনও নিরাপত্তা ছাড়াই ইভিএম মেশিন নিয়ে বুথ কেন্দ্রে যাচ্ছিলেন সেক্টর অফিসার। সেই সময় সেক্টর অফিসারের গাড়ি আটকান বিজেপির কর্মী সমর্থকরা। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে হলদিবাড়ি শহরের ৬ নম্বর ওয়ার্ডে। ওই ওয়ার্ডের ভোট হয় বালাডাঙা জুনিয়র বেসিক স্কুলে। ১৪০ ও ১৪১ নম্বর বুথের ভোটগ্রহণ হয় ওই স্কুলে।
বিজেপি এভাবে গাড়ি আটকাতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বিশাল কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ বাহিনী বুথটি ঘিরে ফেলে। ঘটনাস্থলে পৌঁছয় মেখলিগঞ্জের বিজেপি প্রার্থী দধিরাম রায়, পৌঁছন বিজেপি নেতা অর্ঘ্য রায় প্রধান ও তাঁর অনুগামীরা। এরপর দীর্ঘ আলোচনার পর তাঁদের আশ্বস্ত করে বলা হয় ডিসিআরসিতে গিয়ে ইভিএম মেশিনটি পরীক্ষা করা হবে। তারপর ছেড়ে দেওয়া হয় গাড়িটিকে। পরে গাড়ির পিছন পিছন ডিসিআরসি কেন্দ্র পর্যন্ত যান বিজেপি প্রার্থী দধিরাম রায়।