প্রথম ডেটেই গুগল সার্চ! রাঘবের কী দেখে পছন্দ হয়েছিল পরিণীতির? – Bengali News | Parineeti Chopra Googled Raghav Chadha’s age and height after their first date: Here’s the story
নিজেই সেই গোপন তথ্য ফাঁস করেছিলেন
রাজনীতি আর বিনোদন যখন এক সুতোয় বাঁধা পড়ে, তখন সেখানে কৌতূহলের শেষ থাকে না। রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়ার প্রেমকাহিনিও ঠিক তেমন। বর্তমানে রাঘব চাড্ডার দলবদল নিয়ে যখন রাজনৈতিক মহলে তুমুল শোরগোল, ঠিক তখনই এই তারকা দম্পতির সম্পর্কের একটি পুরনো কিন্তু মজাদার অধ্যায় সমাজমাধ্যমে ফের ভাইরাল হয়েছে। প্রথম সাক্ষাতের পরই হবু স্বামী সম্পর্কে ইন্টারনেটে কী কী খুঁজেছিলেন অভিনেত্রী? নিজেই সেই গোপন তথ্য ফাঁস করেছিলেন।
পরিণীতি একটি জনপ্রিয় শোতে আসে জানান, তাঁদের প্রথম দেখা হয়েছিল লন্ডনে, ব্রিটিশ কাউন্সিলের একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। রাজনীতিতে বিশেষ অবদানের জন্য রাঘব এবং বিনোদন জগতে সাফল্যের জন্য পরিণীতি সেখানে আমন্ত্রিত ছিলেন। মজার বিষয় হল, পরিণীতির দুই ছোট ভাই রাঘবের ভীষণ ভক্ত। তাঁরাই দিদিকে বলেছিলেন রাঘবের সঙ্গে আলাপ করতে। কাকতালীয়ভাবে রাঘব সেদিন পরিণীতির ঠিক পিছনের সারিতেই বসেছিলেন। পরিণীতি যখন সৌজন্য বিনিময়ের জন্য এগিয়ে যান, তখন সৌজন্যবশত দিল্লিতে একবার দেখা করার কথা বলেন। আর সুযোগ পেতেই সেই সুযোগ কাজে লাগিয়েছিলেন রাঘব। পরের দিনই পরিণীতিকে প্রাতঃরাশের আমন্ত্রণ জানান তিনি।
রাঘব চাড্ডা রসিকতা করে বলেন, প্রথম ডেট শেষ হতে না হতেই পরিণীতি ইন্টারনেটে তাঁকে নিয়ে রীতিমতো ‘তদন্ত’ শুরু করে দিয়েছিলেন। পরিণীতি স্বীকার করেন, তিনি গুগলে গিয়ে রাঘবের বয়স এবং তিনি বিবাহিত কি না, তা খুঁটিয়ে দেখেছিলেন। এমনকি একজন সংসদ সদস্যের ঠিক কী কী দায়িত্ব থাকে, সেটাও ছিল তাঁর সার্চ লিস্টে। তবে সবকিছুর ঊর্ধ্বে ছিল রাঘবের উচ্চতা। পরিণীতির কথায়, “আমি সবসময় লম্বা পুরুষ পছন্দ করি। রাঘব আমার চেয়ে লম্বা ছিল, তাই আমার মনে হয়েছিল ও একদম পারফেক্ট।”
পরিণীতি জানান, লন্ডনের সেই প্রাতঃরাশের আসরেই তিনি মনে মনে বুঝে গিয়েছিলেন যে এই মানুষটিকেই তিনি বিয়ে করতে চলেছেন। যদিও সেই সময় তাঁরা একে অপরকে ভালো করে চিনতেনও না। এরপর কয়েক মাস কথা বলার পর মাত্র ৩-৪ মাসের মাথায় তাঁদের বিয়ে সম্পন্ন হয়। ২০২৩ সালের সেপ্টেম্বরে রাজকীয় আয়োজনে সাতপাকে বাঁধা পড়েন এই জুটি। উল্লেখ্য, ২০২৫ সালের অক্টোবরে তাঁদের কোল আলো করে এসেছে পুত্রসন্তান ‘নীর’। বর্তমানে রাঘবের বিজেপিতে যোগদানের খবরের মাঝেই এই মিষ্টি প্রেমকাহিনি ফের নেটিজেনদের চর্চায় উঠে এসেছে।