তামান্নার পা ধরে ক্ষমা চাইবেন অন্নু কাপুর! হঠাৎ কী ঘটল? – Bengali News | Annu Kapoor Defends Crass Comment On Tamannaah Bhatia
তামান্নার পা ধরে ক্ষমা চাইবেন অন্নু কাপুর!
অভিনয়ের পাশাপাশি ঠোঁটকাটা স্বভাবের জন্য মাঝেমধ্যেই শিরোনামে আসেন অন্নু কাপুর। সম্প্রতি একটি পডকাস্টে তমন্না ভাটিয়ার সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে তিনি ‘দুধের মতো শরীর’ শব্দবন্ধটি ব্যবহার করেন। দক্ষিণ ভারতে তামান্নাকে ‘মিল্কি বিউটি’ বলা হলেও, অভিনেত্রী নিজে এই তকমাটি একেবারেই পছন্দ করেন না। স্বাভাবিকভাবেই অন্নুর এই মন্তব্যকে ‘যৌনগন্ধী’ হিসেবে দাগিয়ে দিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয় নেটপাড়ায়।
নিজের মন্তব্যের স্বপক্ষে যুক্তি দিতে গিয়ে অন্নু কাপুর জানান, তাঁর কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে। তাঁর কথায়, “আসলে সমস্যাটা ভাষার। এই একই কথা যদি আমি ইংরেজিতে বলতাম, তবে হয়তো এতটা খারাপ লাগত না। মাতৃভাষায় বলেছি বলেই বিষয়টাকে অন্য নজরে দেখা হচ্ছে।” তিনি দাবি করেন, তিনি অত্যন্ত শুদ্ধ মনেই তামান্নার নাচের এবং তাঁর রূপের প্রশংসা করেছিলেন।
বিতর্কের সূত্রপাত কেবল রূপ নিয়ে নয়, তামান্নার একটি পুরনো মন্তব্যকেও বিঁধেছিলেন অন্নু। তামান্না জানিয়েছিলেন, তাঁর জনপ্রিয় গানগুলো শুনলে নাকি বাচ্চারাও শান্ত হয়ে খেয়েদেয়ে ঘুমিয়ে পড়ে। অন্নু সেই সময় কটাক্ষ করে বলেছিলেন, “৭০ বছরের বাচ্চারাও তো এমন গান শুনে ঘুমোতে যেতে পারে!” এই বিদ্রূপ ভালো মনে নেননি অভিনেত্রী। তবে এবার সুর নরম করে অন্নু বলেন, “আমার কথায় যদি তামান্না মনক্ষুণ্ণ হয়ে থাকেন, তবে আমি ওঁর পা ধরে ক্ষমা চাইতেও কুণ্ঠিত নই। আমি দেখতে চাই, ৭১ বছরের একজন বৃদ্ধ ক্ষমা চাইলে তিনি মাফ করেন কিনা!”
বর্তমানে তমন্না মানেই আইটেম ড্যান্সের সুপারহিট গ্যারান্টি। ‘স্ত্রী ২’-এর ‘আজ কি রাত’ হোক কিংবা ওয়েব সিরিজ়ে ‘গফুর’— তাঁর নাচের ছন্দে কুপোকাত আট থেকে আশি। তাঁর এই আকাশচুম্বী জনপ্রিয়তার কথা স্বীকার করেও অন্নু কাপুর যে ‘ক্ষমা’ চাওয়ার কার্ড খেললেন, তাতে দুই তারকার সম্পর্কের বরফ গলে কি না, সেটাই এখন দেখার।