Labpur BJP Candidate Attacked: ‘চুল টেনে কিল-চড়-ঘুসি, উলঙ্গ করার চেষ্টা’, কেন্দ্রীয় বাহিনীর সামনেই ‘আক্রান্ত’ লাভপুরের BJP প্রার্থী – Bengali News | WB Assembly Election 2026: BJP Candidate allegedly attacked by TMC in Labpur
লাভপুরে আক্রান্ত বিজেপি প্রার্থীImage Credit: Tv9 Bangla
লাভপুর : প্রথম দফার নির্বাচনে উত্তপ্ত লাভপুর। ফের ঝরল রক্ত। পোলিং এজেন্টের পর এবার আক্রান্ত খোদ বিজেপি প্রার্থী। লাভপুরের বিজেপি প্রার্থীকে দেবাশিস ওঝাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। তাঁর গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। কেন্দ্রীয় বাহিনীর সামনে বিজেপি প্রার্থীর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। এর আগে সকালে বিজেপি এজেন্টের উপর হামলা চালানো হয়েছিল। ইতিমধ্যেই কমিশনের দ্বারস্থ হয়েছেন বিজেপি প্রার্থী। কীর্ণাহার থানার কাজীপাড়ার ২৩৭ নম্বর বুথের ঘটনা।
জানা গিয়েছে, ওই বুথে গিয়েছিলেন বিজেপি প্রার্থী দেবাশিস ওঝা। বিজেপির অভিযোগ, বুথে পৌঁছতেই দেবাশিস ওঝাকে ঘিরে ধরে মারধর করা হয়। তাঁর গাড়িতেও ভাঙচুর চালানো হয়। গাড়ির কাঁচ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। জামা ছিড়ে যায় ওই প্রার্থীর। গুরুতর আহত হন। বিজেপির অভিযোগ, তৃণমূলের অঞ্চল সভাপতি শাহীন কাজী ও তাঁর অনুগামী কর্মী-সমর্থকরাই এই হামলা চালিয়েছেন। তাঁদের দাবি, পরিকল্পিতভাবেই প্রার্থীকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
বিজেপি প্রার্থী দেবাশিস কুমার বলেন, “আজ ভেবেছিলাম নির্বাচনটা উৎসবে পরিণত করব, শান্তির নির্বাচন করব, কিন্তু সকালবেলায় যে নির্বাচন আমি দেখলাম, আমার নির্বাচনী এজেন্টকে, আমার ছেলেকে, আমার ৪ নম্বর মণ্ডল সভাপতিকে ব্যাপক মারধর করা হয়। দু’জন সিউড়ি হাসপাতালে ভর্তি রয়েছেন। পুরো একটা গাড়িও ভাঙচুর করা হয়। আমি খবর পেয়ে শেষে বিকেলে শিবা পঞ্চায়েতের কাজিপাড়া গ্রামে যাই। খবর পাই যে সেখানে ছাপ্পা চলছে। আমি গিয়ে দেখি একজন তিনবার ভোট দিচ্ছে। তারপর কয়েকজন আমাকে ঘিরে টেনে হিঁচড়ে নীচে নামানোর চেষ্টা করেন। প্রায় ৩০০ জন লোক ছিল। কিল-চড়-ঘুসি মারা হয়। চুল টানা হয়। উলঙ্গ করার চেষ্টা করা হয়। পুলিশ উদ্ধার করে নিয়ে আসে।” পুলিশ উদ্ধার করে নিয়ে আসার সময়ও কাঁধে ইট দিয়ে মারা হয় বলে অভিযোগ।
অন্যদিকে, তৃণমূলের পক্ষ থেকে পাল্টা অভিযোগ করা হয়েছে,দেবাশিস ওঝা ভোটের শেষ লগ্নে ওই বুথে এসে অশান্তি সৃষ্টির চেষ্টা করছিলেন এবং উস্কানিমূলক মন্তব্যও করেন। সেই কারণেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।