RBI e-Mandate Rules: টাকা লেনদেনে ফোনে আসা OTP নিয়ে বিরাট সিদ্ধান্ত RBI-এর, এখনই চালু হয়ে গিয়েছে, আপনি জানেন তো? – Bengali News | RBI e Mandate Rules: Big Change in OTP for Auto Payments, What Users Must Know
নয়া দিল্লি: যদি মাসে মাসে আপনার অ্যাকাউন্ট থেকে এসআইপি (SIP), ক্রেডিট কার্ড (Credit Cards), ইন্সুরেন্স প্রিমিয়াম (Insurence Premium) কিংবা অন্য কোনও সাবস্ক্রিপশনের (Subscription) জন্য টাকা কাটে, তাহলে আপনার জন্য বড় খবর রয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (Reserve Bank of India) সম্প্রতিই রেকারিং পেমেন্টের নিয়মে বড় পরিবর্তন করেছে। এবার থেকে মাসে মাসে কীভাবে টাকা কাটবে অ্যাকাউন্ট থেকে?
কী নিয়ম RBI-র?
রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার নতুন নিয়মে ১৫ হাজার টাকা পর্যন্ত লেনদেন, যা অটো-ডেবিট হয়, তাতে প্রতিবার আর ওটিপির দরকার পড়বে না। সহজ কথায়, যদি আপনি একবার অটোমেটিক পেমেন্টে অ্যাপ্রুভ করেন, তাহলে পরের মাস থেকে ওই লিমিটের মধ্যে পেমেন্টের ক্ষেত্রে আর অ্যাপ্রুভাল লাগবে না।
আরবিআই-র এই নিয়মে অনলাইন পেমেন্ট, যেমন ইউপিআই, ক্রেডিট কার্ড প্ল্যাটফর্মে অটো-ডেবিটের ক্ষেত্রে আর বারবার ওটিপি-র প্রয়োজন পড়বে না। ১৫ হাজার টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে প্রয়োজন পড়বে অথেনটিকেশনের।
সহজভাবে বলতে গেলে, যদি আপনার মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ কিংবা ক্রেডিট কার্ডের মাসিক বিল ১৫ হাজার টাকার কম হয়, তাহলে তার জন্য ওটিপির প্রয়োজন পড়বে না। প্রতি মাসে সময় মতোই টাকা ডেবিট হয়ে যাবে। তার বেশি লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের অথেনটিকেশনের প্রয়োজন পড়বে। তবে বিশেষ কিছু ক্ষেত্রে ১৫ হাজার থেকে ১ লাখ টাকার পেমেন্টে ছাড় দেওয়া হয়েছে।
কোথায় কোথায় এই নিয়ম কার্যকর হবে?
- ইউপিআই অটো পে
- ডেবিট ও ক্রেডিট কার্ড
- প্রিপেইড পেমেন্ট
টাকা কেটে নেওয়ার আগে ও পরে অ্যালার্ট
গ্রাহকদের কথা মাথায় রেখেই রিজার্ভ ব্যাঙ্ক আরও নতুন নিয়ম তৈরি করেছে। এতে বলা হয়েছে, টাকা কেটে নেওয়ার কমপক্ষে ২৪ ঘণ্টা আগে প্রি-ডেবিট নোটিফিকেশন পাঠাতে হবে গ্রাহকদের। তাতে মার্চেন্ট নাম অর্থাৎ কোন সংস্থার জন্য আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হবে, কত টাকা কাটা হবে এবং কত তারিখে তা কাটা হবে, সমস্ত উল্লেখ করতে হবে।
যদি অ্যাকাউন্টে টাকা না থাকে বা অন্য কোনও সমস্যা হয়, গ্রাহকদের কাছে এই অটো-পেমেন্ট ক্যানসেল করার সুযোগও থাকবে।
আরবিআই জানিয়েছে, এই ই-ম্যানডেটের সুবিধা পাওয়ার জন্য গ্রাহকদের কোনও অতিরিক্ত চার্জ দিতে হবে না।