Abhishek Sharma: উপ্পলে অভিষেক ঝড়, শিষ্যকে 'স্যার' উপাধি গুরু যুবির! - Bengali News | Abhishek Sharma scores 135 not out innings against DC in IPL 2026 - 24 Ghanta Bangla News
Home

Abhishek Sharma: উপ্পলে অভিষেক ঝড়, শিষ্যকে ‘স্যার’ উপাধি গুরু যুবির! – Bengali News | Abhishek Sharma scores 135 not out innings against DC in IPL 2026

Spread the love

কলকাতা : টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আইপিএলের প্রথম ভাগ, সবই এখন অতীত। অভিষেক শর্মা (Abhishek Sharma) প্রমাণ করলেন, ফর্মে থাকলে কতটা ভয়ঙ্কর হতে পারে তাঁর ব্যাট। অক্ষর প্যাটেলের দলের বোলারদের পাড়ার বোলারের পর্যায়ে নামিয়ে এনে একাই গতকাল ১৩৫ রান করে অপরাজিত রইলেন অভিষেক। তাঁর ১৩৫ রানের সুবাদে ২০ ওভারে হায়দরাবাদ (Sunrisers Hyderabad) তুলল ২ উইকেট হারিয়ে ২৪২ রান।

টি-টোয়েন্টি বিশ্বকাপে রান পাননি অভিষেক। চরম ব্যর্থ হওয়ায় ট্রোলের শিকার হতে হচ্ছিল অভিষেককে। গতকাল প্রমাণ করলেন,ফর্মে থাকলে কেন তিনি বিপক্ষের জন্য ভয়ঙ্কর। অতীতে আইপিএলে করেছেন ১৪১, আজ করলেন ১৩৫। এই নিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে নবম সেঞ্চুরি হয়ে গেল তাঁর। প্রথমে ট্র্যাভিস হেড, পরে ঈশান কিষান ও হেনরিখ ক্লাসেনের সঙ্গে জুটি বেঁধে স্কোরবোর্ডে বড় রান তোলার দায়িত্ব নেন অভিষেক। ওপেনিং জুটিতে উঠেছিল ৯৭ রান।

ব্যক্তিগত ৩৭ রানের মাথায় হেড আউট হলে ঈশান কিষানের (Ishan Kishan) সঙ্গে জুটি বেঁধেই কুলদীপ যাদব , অক্ষর প্যাটেল, মুকেশ কুমারদের ক্রমাগত আক্রমণ করে যান যুবরাজ সিংয়ের বরপুত্র। পরপর দুটি ছক্কা মেরে সেঞ্চুরি পূরণ করলেন অভিষেক। ১৩ বলে ২৫ করে রান আউট হন ঈশান। এই সিজনের সর্বোচ্চ রান করল হায়দরাবাদ। জবাবে দিল্লি ৯ উইকেট হারিয়ে তোলে ১৯৫ রান। ৪৭ রানে ম্যাচ জিতলেন অভিষেকরা।

মোট ৬৮ বলে ১৩৫ রান করেছেন অভিষেক শর্মা। মেরেছেন ১০টি করে চার ও ছক্কা। ভারতীয়দের মধ্যে ২০ ওভারের ক্রিকেটে বিরাট কোহলির সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডও ছুঁলেন পাঞ্জাবের এই কৃতি ক্রিকেটার। ছাত্রের এই দারুন ইনিংস দেখে চুপ থাকেননি গুরুও। এক্স হ্যান্ডলে যুবরাজ সিং (Yuvraj Singh) টুইট করেন,”তোমার ব্যাটই তোমার কাজ করুক। প্রত্যেকদিন উন্নতি করছ। দারুন খেলেছো তুমি স্যার অভিষেক। এই পদ্ধতি বজায় রাখো।” আইপিএল শেষ হতে এখনও বাকি বেশ কতগুলি ম্যাচ। হায়দরাবাদকে প্লে-অফ খেলতে গেলে অভিষেকের ব্যাটে রান দরকার। তাঁর এই ফর্ম যেন বজায় থাকে আগামী ম্যাচেও, এমনই আশা করছেন সমর্থকেরা ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *