West Midnapore Violence: শেষবেলার প্রচারে রণক্ষেত্র দাঁতন, হাত ভাঙল বিজেপি প্রার্থীর, হাসপাতালে ভর্তি বহু বিজেপি কর্মী - Bengali News | West Midnapore Violence: BJP Candidate Ajit Kumar Jana Injured, Hand Broken in Dantan Clash - 24 Ghanta Bangla News
Home

West Midnapore Violence: শেষবেলার প্রচারে রণক্ষেত্র দাঁতন, হাত ভাঙল বিজেপি প্রার্থীর, হাসপাতালে ভর্তি বহু বিজেপি কর্মী – Bengali News | West Midnapore Violence: BJP Candidate Ajit Kumar Jana Injured, Hand Broken in Dantan Clash

ব্যাপক উত্তেজনা এলাকায় Image Credit: TV 9 Bangla

পশ্চিম মেদিনীপুর: ভোটের ঠিক আগে ব্যাপক উত্তেজনা পশ্চিম মেদিনীপুরের দাঁতনে। একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি। প্রচারের শেষ দিনে তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি প্রার্থী অজিত কুমার জানা। প্রার্থীর হাত ভেঙে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। পাশাপাশি আহত হয়েছেন প্রচুর বিজেপি কর্মী-সমর্থক। ভাঙচুর করা হয়েছে প্রার্থীর গাড়ি ও একাধিক মোটরবাইক।

মঙ্গলবার সকালে দাঁতনের বিজেপি প্রার্থী অজিত কুমার জানার সমর্থনে হরিপুর থেকে একটি বিশাল মোটরবাইক র‍্যালির আয়োজন করা হয়েছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, র‍্যালিটি সাবড়া থেকে মোহনপুর যাওয়ার পথে আঁতলা এলাকায় পৌঁছালে আচমকাই তাঁদের ওপর চড়াও হয় একদল দুষ্কৃতী। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। লাঠিসোঁটা, ধারালো অস্ত্র নিয়ে মিছিলে হামলা চালানো হয় বলে দাবি বিজেপির।

হামলায় বিজেপি প্রার্থী অজিত কুমার জানার তাঁর একটি হাত ভেঙে গিয়েছে বলে খবর। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও অনেক কর্মী-সমর্থক জখম হয়েছেন, যাঁদের মধ্যে অনেকের অবস্থাই গুরুতর বলে জানা যাচ্ছে। তাঁদের স্থানীয় মোহনপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুষ্কৃতীরা প্রার্থীর বেশ কয়েকটি গাড়ি, সমর্থকদের মোটরবাইকেও দেদার ভাঙচুর চালায় বলে অভিযোগ।

হামলার খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার অন্যান্য বিজেপি কর্মী-সমর্থকেরা। ঘটনার প্রতিবাদে, দোষীদের গ্রেফতারের দাবিতে মোহনপুর থানার সামনে এগরা-সোলপাট্টা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। দীর্ঘক্ষণ চলে সেই অবরোধ। যার জেরে এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বিজেপির অভিযোগ, নিশ্চিত হার জেনে সন্ত্রাস ছড়িয়ে ভোট বৈতরণী পার হতে চাইছে তৃণমূল। যদিও তৃণমূলের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নেমেছে বিশাল পুলিশ বাহিনী। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *