TMC-BJP Clash: মিটিং সেরে বাড়ি ফেরার পথে তৃণমূল কর্মীকে গুলি, কে হামলা করল? – Bengali News | TMC Worker Shot in Gosaba, 3 BJP Workers Arrested in this Case
গোসাবায় তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। গতকাল রাতে বাইকে চেপে বাড়ি ফেরার সময় গুলিবিদ্ধ হন তৃণমূল কর্মী। বিজেপির বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই এই ঘটনায় ৩ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে গোসাবা থানার পুলিশ। আক্রান্ত তৃণমূল কর্মীর নাম দিব্যেন্দু গায়েন। তাঁর বাড়ি শম্ভুনগর এলাকায়। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি পলাশ মণ্ডল। জানা গিয়েছে, গতকাল রাতে একটি দলীয় মিটিং সেরে দু’জনে বাইকে করে বাড়ি ফিরছিলেন। বাইক চালাচ্ছিলেন পলাশ আর পিছনে বসেছিলেন দিব্যেন্দু। হঠাৎ, পিছন থেকে চার-পাঁচজন দুষ্কৃতী এসে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে রাস্তায় লুটিয়ে পড়েন দিব্যেন্দু। তাঁর ডান পায়ে গুলি লাগে। তড়িঘড়ি তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয়।