Exclusive Suvendu Adhikari: ‘চুলের ছাঁট, গোঁফের ছাঁট একই আছে’, কেন বললেন শুভেন্দু? – Bengali News | Exclusive: ‘My Hair and Moustache Style Have not Changed in 22 Years’, Says BJP candidate Suvendu Adhikari
কলকাতা ও নন্দীগ্রাম: নিজে দুই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর সঙ্গে প্রচার করছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে। এই পঞ্চান্ন বছর বয়সেও এত দৌড়ঝাঁপ করার শক্তি পান কোথা থেকে? নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী টিভি৯ বাংলাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তাঁর ফিট থাকার রহস্যের কথা জানালেন। একইসঙ্গে বললেন, গত ২২ বছরে শরীরে বয়সের ছাপ পড়া ছাড়া কোনও কিছুই বদলায়নি তাঁর।
কী বললেন শুভেন্দু অধিকারী?
টিভি৯ বাংলাকে শুভেন্দু বলেন, “স্বামী বিবেকানন্দ বলে গিয়েছেন, যাঁর নিজের প্রতি আস্থা রয়েছে তিনি সাত্ত্বিক। আর যাঁর নিজের প্রতি আস্থা নেই তিনি নাস্তিক। আমার নিজের প্রতি আস্থা রয়েছে। আমার পঞ্চান্ন বছর বয়স। সুরাপান থেকে অনেকরকম আসক্তি থেকে ভগবান আমাকে দূরে রেখেছে।”
গত ২২ বছরে তিনি যে একইরকম রয়েছেন, সেকথা উল্লেখ করে বলেন, “২০০৪-এ যা ছিলাম, এখনও সেরকমই আছি। আগে রাজ্যের নিরাপত্তা ছিল, এখন কেন্দ্রের নিরাপত্তা আছে। গাড়ির রং একই আছে। গাড়ির ব্র্যান্ডও একই আছে। চুলের ছাঁট একই আছে। গোঁফের ছাঁটও একই আছে। ঘড়ি ছিল না, তা নেই। আংটি কখনও পরিনি। গলায় হার নেই।” বলেই গলা দেখালেন তিনি।
এখানেই না থেমে নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি প্রার্থী বলেন, “সুতির জামাকাপড়ে অভ্যস্ত, সেটাই আমার আছে। হয়তো বয়সের ছাপ পড়েছে। কেন্দ্রীয় নিরাপত্তা এসেছে। এর বাইরে কোনও পরিবর্তন আমার অন্তত হয়নি।”