Rahul Arunoday Banerjee: ‘লাল-হলুদ হৃদয়ে অমর অরুণোদয়’, প্রিয় ক্লাবের গ্যালারিতে আজীবন থেকে গেলেন রাহুল – Bengali News | Rahul remains forever in his beloved east bengal clubs gallery
তিনি কেবল রূপালি পর্দার অভিনেতা ছিলেন না, তিনি ছিলেন গ্যালারির সেই লড়াকু সৈনিক, যাঁর ধমনীতে বইত লাল-হলুদ রক্ত। ইস্টবেঙ্গলের চরম দুর্দিনেও যাঁর সমর্থন টলানো যায়নি, সেই রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আজ শারীরিকভাবে নেই। কিন্তু যুবভারতীর গ্যালারি জানান দিল— রাহুল ছিলেন, রাহুল আছেন।
রাহুলের মৃত্যুর পর বৃহস্পতিবারই প্রথমবার ঘরের মাঠে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। আর এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে ইস্টবেঙ্গল আল্ট্রাস এবং সাধারণ সমর্থকরা একটি বিশাল টিফো প্রদর্শন করেন। ভাইরাল হওয়া সেই ছবিতে দেখা যাচ্ছে, কাঁধে লাল-হলুদ পতাকা নিয়ে গ্যালারিতে বসে আছেন চিরস্মিত হাসির রাহুল। দেখে মনে হবে, হয়তো কোনও এক মুহূর্তেই গোল হলে লাফিয়ে উঠবেন তিনি। টিফোর নিচে লেখা ছিল হৃদয়স্পর্শী দুটি লাইন— ‘গ্যালারির আকাশে এক বিষন্ন সূর্যোদয়, লাল হলুদ হৃদয়ে অমর অরুণোদয়।’
টিফোর নিচে লেখা ছিল হৃদয়স্পর্শী দুটি লাইন— ‘গ্যালারির আকাশে এক বিষন্ন সূর্যোদয়, লাল হলুদ হৃদয়ে অমর অরুণোদয়।’ Photo: Facebook
মর্মান্তিক সেই ঘটনার ঠিক কিছু সময় আগেই ‘সহজ কথা’র সোশ্যাল মিডিয়া পেজে ব্রাত্য বসুর সঙ্গে রাহুলের একটি আলাপচারিতা প্রকাশিত হয়েছিল। সেখানেও অভিনয়ের চেয়ে বড় হয়ে উঠেছিল ফুটবল আর ইস্টবেঙ্গল। ক্লাবের উন্নতি কীভাবে সম্ভব, দল কীভাবে ঘুরে দাঁড়াবে— তা নিয়ে অভিনেতা যে কতটা চিন্তিত ছিলেন, তা আজ সমর্থকদের স্মৃতিতে বারবার ফিরে আসছে।
শুধুমাত্র বিনোদন জগতের মানুষ হিসেবে নয়, একজন একনিষ্ঠ সমর্থক হিসেবে রাহুল যেভাবে ইস্টবেঙ্গলের লোগোকে ভালোবেসেছিলেন, ক্লাব তাকে যোগ্য সম্মান দিল। ম্যাচের মাঝেই সমর্থকরা সমস্বরে তাঁর নাম উচ্চারণ করেন। গ্যালারির যে প্রান্তে বসে তিনি খেলা দেখতেন, আজ সেই আসনটি খালি থাকলেও সেখানে তাঁর উপস্থিতি ছিল অনুভব করার মতো।
সোশ্যাল মিডিয়ায় এই টিফোর ছবি দেখে নেটিজেনরা বলছেন, পর্দার হিরো হয়তো চলে যান, কিন্তু গ্যালারির হিরোরা এভাবেই অমর হয়ে থাকেন। লাল-হলুদ মশাল যতদিন জ্বলবে,অরুণোদয়ের স্মৃতিও ধ্রুবতারার মতো উজ্জ্বল থাকবে গ্যালারির আকাশে।