EXCLUSIVE Mamata Banerjee: ‘বিগ হাউজ়’ থেকে কেন্দ্রীয় বাহিনীর মাধ্যমে রাজ্যে টাকা পাঠানো হচ্ছে’, বিস্ফোরক মমতা – Bengali News | Mamata banerjee alleges central forces carry big money in bengal polls targets ec and bjp
মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকারImage Credit: TV9 Bangla
কলকাতা: ভোটবঙ্গে কার্পেট-বম্বিংয়ে নির্বাচন কমিশন-বিজেপিকে একযোগে একাধিক আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার TV9 বাংলার কনসাল্টিং এডিটর অনির্বাণ চৌধুরীর সঙ্গে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে আরও বিস্ফোরক দাবি করলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ভোটের বাংলায় ‘বিগ হাউজ়’ টাকা আসছে। আর সেই ক্ষেত্রে বাহক কেন্দ্রীয় বাহিনী!
অভিযোগের মূল নির্যাস
মুখ্যমন্ত্রীর অভিযোগ মূলত আর্থিক লেনদেন সংক্রান্ত। তিনি দাবি করেছেন, ‘বিগ হাউজ়’ থেকে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে রাজ্যে টাকা পাঠানো হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে, এই অর্থ নির্বাচনের কাজে ভোটারদের প্রভাবিত করতে ব্যবহার করা হতে পারে। মুখ্যমন্ত্রীর কথায়, “আমি সব জানি, বিগ হাউজ থেকে কেন্দ্রীয় বাহিনীর মাধ্যমে টাকা পাঠানো হচ্ছে।” কেবল অর্থই নয়, বিজেপি নেতাদের মাধ্যমে রাজ্যে মাদক বা ড্রাগ সরবরাহ করা হচ্ছে বলেও তিনি সরাসরি তোপ দেগেছেন।
নিরাপত্তা ও আইন-শৃঙ্খলার প্রশ্ন
আইন-শৃঙ্খলার অবনতি নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী জানান। ভোটের বাংলায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে বাইরের রাজ্য থেকে অবৈধভাবে অস্ত্রও ঢোকানো হচ্ছে। এই সমস্ত অবৈধ সামগ্রী আনা-নেওয়ার ক্ষেত্রে রেলওয়েকে মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে। তাঁর কথায়, ” ড্রাগ পাঠানো হচ্ছে একাধিক বিজেপি নেতার মাধ্যমে। অস্ত্র পাঠানো হচ্ছে বাইরের থেকে। রেলওয়ে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”
বহিরাগত ভোটার
বহিরাগত ইস্যুতে এর আগেও সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী। কমিশনের অফিসের সামনে বিক্ষোভও দেখিয়েছে তৃণমূল। এবার TV9 বাংলায় এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মমতা বলেন, “ভোট দেওয়ার জন্য বাইরে থেকে লোক আনা হচ্ছে।”
প্রশাসনিক রদবদল নিয়ে উষ্মা
রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের বদলি নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন মমতা। তিনি প্রশ্ন তুলেছেন, কেন দক্ষ ও কার্যকর অফিসারদের সরিয়ে দেওয়া হয়েছে।
SIR আবহে এইবার মুখ্যমন্ত্রীর সঙ্গে কমিশনের নজিরবিহীন সংঘাতের সাক্ষী থেকেছে বাংলা। তার প্রেক্ষিতে দাঁড়িয়ে আবার কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন! সঙ্গে অনুঘটকের কাজ করছে মুখ্যমন্ত্রীর তোলা ‘বহিরাগত তত্ত্ব’, যেটা কিনা বিহারের নির্বাচনেও হয়েছে বলে দাবি তাঁর। ভোটের ঠিক দোরগোড়ায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর এই অভিযোগগুলো কতটা প্রভাব ফেলবে, সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা।