Achhelal Yadav Joins BJP: উত্তরপাড়ায় আরও জমল 'খেলা', বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের চেয়ারম্যানের দাদা - Bengali News | Ex TMC Leader Achhelal Yadav Joins BJP Ahead of Uttarpara Assembly constituency Polls - 24 Ghanta Bangla News
Home

Achhelal Yadav Joins BJP: উত্তরপাড়ায় আরও জমল ‘খেলা’, বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের চেয়ারম্যানের দাদা – Bengali News | Ex TMC Leader Achhelal Yadav Joins BJP Ahead of Uttarpara Assembly constituency Polls

Spread the love

বিজেপিতে যোগ দিলেন আচ্ছেলাল যাদবImage Credit: TV9 Bangla

উত্তরপাড়া: তৃণমূল ছেড়ে নির্দলের প্রার্থী হয়েছিলেন। মনোনয়ন প্রত্যাহার করে এবার বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল নেতা আচ্ছেলাল যাদব। তিনি আবার উত্তরপাড়া পৌরসভার তৃণমূল চেয়ারম্যান দিলীপ যাদবের দাদা। বিজেপিতে যোগ দিয়ে আচ্ছেলাল জানিয়ে দিলেন, উত্তরপাড়ায় বিজেপি প্রার্থীই জিতবেন। তবে আচ্ছেলালের বিজেপিতে যাওয়াকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।

অনেকদিন ধরেই জল্পনা ছিল আচ্ছেলাল যাদব বিজেপিতে যোগ দেবেন। তাঁর বাড়িতে অর্জুন সিং থেকে ভারতী ঘোষ একাধিক বিজেপির নেতা এসেছেন একাধিকবার। উত্তরপাড়া থেকে বিজেপি টিকিট পেতে পারেন এমন জল্পনাও ছিল। তবে বিজেপি প্রার্থী করে প্রাক্তন এনএসজি কমান্ডো দীপাঞ্জন চক্রবর্তীকে। তারপরই দেখা যায়, আচ্ছেলাল যাদব নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন। তবে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন তিনি মনোনয়ন তুলে নেন। বৃহস্পতিবার অনুগামীদের সঙ্গে নিয়ে একাধিক গাড়ি করে বিজেপি রাজ্য অফিসের দিকে রওনা হন আচ্ছেলাল যাদব। পরে রাজ্য অফিসে গিয়ে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন।

উত্তরপাড়ার কানাইপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান ছিলেন আচ্ছেলাল যাদব। উত্তরপাড়া শ্রীরামপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ছিলেন। তৃণমূলের জেলা কমিটিতেও ছিলেন। তাঁর ভাই দিলীপ যাদব উত্তরপাড়া পৌরসভার বর্তমান চেয়ারম্যান। উত্তরপাড়ায় তৃণমূল প্রার্থী শীর্ষাণ্য বন্দোপাধ্যায় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আচ্ছেলাল যাদবের সম্পর্ক অনেকদিন আগেই খারাপ হয়েছিল। দলের এক কর্মিসভায় তাঁদের বাকবিতণ্ডার ভিডিয়ো ভাইরাল হয়েছিল। এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র উত্তরপাড়ার প্রার্থী হওয়ায় আচ্ছেলাল যাদব সরাসরি বিরোধিতার পথে হাঁটলেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

কেন বিজেপিতে যোগ দিলেন আচ্ছেলাল যাদব?

বিজেপিতে যোগ দিয়ে আচ্ছেলাল যাদব জানালেন, “সারা পশ্চিমবঙ্গের মানুষ চাইছেন, পরিবর্তন হোক। উত্তরপাড়ার মানুষও পরিবর্তন চাইছেন। সাধারণ মানুষের ইচ্ছেকে সম্মান জানিয়ে বিজেপিতে যোগ দিলাম। আমাকে বিজেপিতে কাজের সুযোগ দেওয়ার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। নিশ্চিতভাবে আমরা কিছু করে দেখাব।” উত্তরপাড়ায় বিজেপি জিতবেন বলে আশাবাদী তিনি।

তবে আচ্ছেলালের বিজেপিতে যাওয়া নিয়ে চিন্তিত নয় রাজ্যের শাসকদল। তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ বলেন, নির্বাচনে কোনও প্রভাব পড়বে না। যাঁরা বাংলা বিরোধীদের সঙ্গে যাচ্ছেন, তাঁদের বাংলার মানুষ চিনে রাখছেন। আর কে কোন দলে যাবেন, সেটা তাঁর নিজের ব্যাপার। ভাই আমাদের দলে আছেন মানেই দাদা থাকবেন, এমন কোনও ব্যাপার নয়।”

এবারের বিধানসভা নির্বাচনে উত্তরপাড়া আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। এখানে তৃণমূলের প্রার্থী কল্যাণ-পুত্র শীর্ষাণ্য বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী আর সিপিআইএমের মীনাক্ষী মুখোপাধ্যায়। কংগ্রেসের জেলা সভাপতি সুব্রত মুখোপাধ্যায়ও এই কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন। আচ্ছেলাল বিজেপিতে যোগ দেওয়ায় সেই লড়াইয়ে বিজেপির শক্তি কিছুটা বাড়ল কি না, তার উত্তর পাওয়া যাবে ৪ মে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *