সংসারে রোজ অশান্তি? মেনে চলুন ৫-৫-৫ ফর্মুলা, প্রেম হবে জমে ক্ষীর – Bengali News | What is the 5 5 5 Rule in Relationships? How It Strengthens the Bond Between Husband and Wife
কাজের চাপ, ডেডলাইন আর স্মার্টফোনের স্ক্রিনে মুখ গুঁজে থাকতে থাকতে অনেকেই ভুলে গিয়েছেন পাশের মানুষটার চোখের দিকে তাকিয়ে দুটো কথা বলতে। বর্তমানের এই ব্যস্ত জীবনে স্বামী-স্ত্রীর সম্পর্কের মাঝে দেওয়াল হয়ে দাঁড়াচ্ছে ‘সময়’। কথা কম, অভিমান বেশি—এই চক্করে পড়ে বহু সাজানো সংসার তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। কিন্তু জানেন কি, খুব ছোট ছোট কিছু অভ্যাসই আপনার ফিকে হয়ে যাওয়া প্রেমে নতুন রঙ লাগাতে পারে? সোশ্যাল মিডিয়ায় এখন ট্রেন্ডিং ‘৫-৫-৫’ (5-5-5 Rule) নিয়ম। সম্পর্কের জমাট বরফ গলাতে এই দাওয়াইয়ের জুড়ি মেলা ভার।
ঠিক কী এই ৫-৫-৫ নিয়ম?
নাম শুনে ভারী কোনও অঙ্ক মনে হলেও, এটি আসলে ভালোবাসার এক সহজ ব্যাকরণ। এই নিয়মের তিনটি স্তম্ভ হল— কথা বলা, প্রশংসা করা এবং ছোট ছোট আদর বা ইশারা। মনোবিদদের মতে, বড় কোনও উপহার বা ট্যুর নয়, বরং প্রতিদিনের এই ছোট ছোট অভ্যাসই সম্পর্ককে দীর্ঘজীবী করে।
প্রতিদিন ৫ মিনিট মনের কথা:
সারাদিন কার অফিসে কী হল বা বাজারে কী পাওয়া গেল, সেসব আলোচনার বাইরেও নিজেদের জন্য মাত্র ৫ মিনিট বরাদ্দ রাখুন। এই সময়ে ফোন দূরে সরিয়ে একে অপরের চোখের দিকে তাকিয়ে কথা বলুন। একে অপরের মনের অবস্থা বোঝার চেষ্টা করুন। এই সামান্য ৫ মিনিট দম্পতিদের মধ্যে মানসিক দূরত্ব কমিয়ে স্বচ্ছতা আনে।
দিনে ৫ বার প্রশংসা বা কৃতজ্ঞতা:
আপনার সঙ্গী আপনার জন্য যা করছেন, তাকে অবহেলা করবেন না। দিনে অন্তত ৫ বার তাঁকে ধন্যবাদ জানান বা তাঁর কোনও গুণের প্রশংসা করুন। সেটা হতে পারে তাঁর হাতের রান্না, সাজগোজ কিংবা তাঁর কোনও ছোট কাজ। মানুষ যখন বুঝতে পারে যে তাঁর গুরুত্ব আছে, তখন সম্পর্কের প্রতি টান আরও বেড়ে যায়।
৫টি ভালোবাসার ইশারা:
সম্পর্কে স্পর্শ বা ‘ফিজিক্যাল টাচ’ খুব জরুরি। দিনে অন্তত ৫ বার ছোট ছোট ভালোবাসার ইশারা করুন। বাড়ি থেকে বেরোনোর সময় একবার আলিঙ্গন করা, রাস্তা দিয়ে হাঁটার সময় হাত ধরা কিংবা সোফায় বসে থাকার সময় একে অপরের গায়ে একটু হেলান দেওয়া। এই ছোট ছোট ইশারা শরীরে ‘হ্যাপি হরমোন’ নিঃসরণ করে এবং মানসিক চাপ এক লহমায় কমিয়ে দেয়।
কেন এই নিয়ম ম্যাজিকের মতো কাজ করে?
গবেষণা বলছে, সম্পর্কে যখন একঘেয়েমি আসে, তখন ছোট ছোট জেস্টারগুলোই পুনরায় কানেকশন তৈরি করতে সাহায্য করে। এই ৫-৫-৫ নিয়ম মেনে চললে একে অপরের প্রতি বিশ্বাস বাড়ে, ভুল বোঝাবুঝি কমে এবং দাম্পত্য জীবনে পজিটিভিটি বজায় থাকে। তাই সম্পর্ককে মজবুত করতে আজই শুরু করুন এই দারুণ অভ্যেস।