BJP Candidate Cries Chandrakona Rally: স্টেজে উঠেই আচমকা হাউ হাউ করে কেঁদে ফেললেন বিজেপি প্রার্থী, হঠাৎ কী হল – Bengali News | BJP Candidate Breaks Down in Tears During Chandrakona Rally, Highlights SC Community Issues
রাজনৈতিক আঙিনায় চর্চা Image Credit: TV 9 Bangla
চন্দ্রকোনা: ভোটের মুখে প্রচারের পারদ যখন তুঙ্গে, ঠিক তখনই এক আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকল চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্র। প্রকাশ্য জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত দোলই। বুধবার ক্ষীরপাইয়ে আয়োজিত এক সভায় তফসিলি জাতিভুক্ত মানুষের বঞ্চনার কথা তুলে ধরতে গিয়েই নিজেকে আর নিয়ন্ত্রণে রাখতে পারেননি তিনি।
বুধবার ক্ষীরপাই এলাকায় বিজেপির তফসিলি জাতি মোর্চার পক্ষ থেকে একটি প্রকাশ্য নির্বাচনী সভার আয়োজন করা হয়েছিল। সভার মূল বক্তা ছিলেন চন্দ্রকোনা বিধানসভার ভূমিপুত্র তথা বিজেপি প্রার্থী সুকান্ত দোলই। মঞ্চে যখন তিনি বর্তমান সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে এসসি সম্প্রদায়ের মানুষের অবস্থান নিয়ে কথা বলছিলেন, তখনই তাঁর গলা বুজে আসে। তিনি বলেন, “তফসিলি সম্প্রদায়ের মানুষ আজও সব থেকে পিছিয়ে রয়েছে।” এই বঞ্চনার কথা বলতে বলতেই তাঁর চোখ জল এসে যায়। এক পর্যায়ে তিনি মঞ্চেই হাউ হাউ করে কেঁদে ফেলেন। বলেন, “এসসি সম্প্রদায়ের মানুষ আজকে যে প্রান্তে পড়েছিল সেই প্রান্তেই পড়ে আছে। এই সম্প্রদায়কে বাঁচাতে হবে, এই সম্প্রদায়কে দেখতে হবে। আমাদের সম্প্রদায়কে বাঁচাতে আপনারা আমাদের সঙ্গ দিন। আপনাদের পাশে আমি সবসময় থাকব।”
প্রার্থী আকস্মিকভাবে এমন আবেগপ্রবণ হয়ে পড়ায় সভায় উপস্থিত কর্মী-সমর্থকদের মধ্যে চাপানউতোর শুরু হয়ে যায়। ওই সময় সভামঞ্চে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলার একাধিক জেলা নেতৃত্ব। ছিলেন তফসিলি জাতি মোর্চার বিভিন্ন স্তরের কর্মী-সমর্থক। দলের নেতারা সুকান্তবাবুকে আশ্বস্ত করার চেষ্টা করেন।
এদিকে চন্দ্রকোনা বিধানসভা এলাকায় তফসিলি ভোট ব্যাঙ্কের গুরুত্ব যে ভালোই তা বলার অপেক্ষা রাখে না। রাজনৈতিক মহলের অনেকের মতে, নির্বাচনী বৈতরণী পার করতে প্রার্থীরা যখন আক্রমণাত্মক মেজাজে থাকেন, তখন সুকান্ত দোলইয়ের এই আবেগপ্রবণ রূপ ভোটারদের মনে বিশেষ প্রভাব ফেলতে পারে। বিশেষ করে সংশ্লিষ্ট সম্প্রদায়ের মানুষের দুঃখ-দুর্দশার কথা বলতে গিয়ে তাঁর এই কান্নাকে অনেকে ‘হৃদয় থেকে আসা আবেগ’ বলেই মনে করছেন।