Rahul Death Case: রাহুলের মৃত্যুর ঘটনায় বড় পদক্ষেপ ওড়িশা পুলিশের, লীনা সহ ৫ জনের কাছে গেল সমন - 24 Ghanta Bangla News
Home

Rahul Death Case: রাহুলের মৃত্যুর ঘটনায় বড় পদক্ষেপ ওড়িশা পুলিশের, লীনা সহ ৫ জনের কাছে গেল সমন

Rahul Death Case: রাহুলের মৃত্যুর ঘটনায় বড় পদক্ষেপ ওড়িশা পুলিশের, লীনা সহ ৫ জনের কাছে গেল সমন

পূর্ব মেদিনীপুর: অভিনেতা ও লেখক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর মোড়। মৃত্যুর নেপথ্যে ষড়যন্ত্রের অভিযোগ তুলে গত ৫ এপ্রিল ওড়িশার তালসারি মেরিন থানায় অভিযোগ দায়ের করেছিলেন তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। সেই অভিযোগের ভিত্তিতেই এবার কড়া পদক্ষেপ করল ওড়িশা পুলিশ। সমন পাঠানো হল অভিযুক্তদের কাছে।

‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন গত ২৯ মার্চ বিকেলে তালসারি সমুদ্রে ডুবে মৃত্যু হয়েছিল রাহুলের। তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা সরকারের অভিযোগের ভিত্তিতে প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স’-এর কর্নধার শৈবাল বন্দ্যোপাধ্যায়, লিনা গঙ্গোপাধ্যায়-সহ পরিচালক শুভাশিস মণ্ডল, এক্সিকিউটিভ প্রোডিউসার শান্তনু নন্দী এবং ম্যানেজার চন্দ্রশেখর চক্রবর্তীর বিরুদ্ধে বিএনএস-এর ১০৬ (১), ২৪০ ও ৩ (৫) ধারায় মামলা শুরু করে ওড়িশা পুলিশ। এবার জিজ্ঞাসাবাদের জন্য এই পাঁচ অভিযুক্তকে সমন পাঠানো হয়েছে।

ইতিমধ্যে এই তরুণ শিল্পীর মৃত্যু রহস্য ঘিরে তোলপাড় চলছে টলি পাড়া থেকে সোশ্যাল মিডিয়ায়। এখন দেখার তদন্তে কী উঠে আসে তা দেখার। এ বিষয়ে তালসারি মেরিন থানার আইআইসি শ্রবণ মহারানা বলেন, “৫ অভিযুক্তকে সমন পাঠিয়ে তলব করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। নির্ধারিত সময়ের মধ্যে তাঁদের হাজির হতে বলা হয়েছে।”

এ দিকে, মঙ্গলবার রাহুলের মৃত্যুর প্রতিবাদে টেকনিশিয়ান্স স্টুডিয়োতে বড় সিদ্ধান্ত নেওয়া হয়। ম্যাজিক মোমেন্টস-এর সঙ্গে আপাতত কাজ করবেন না শিল্পী বা টেকনিশিয়ানরা। এই প্রযোজনা সংস্থার ‘ভোলে বাবা পার করেগা’ বন্ধ হয়ে গিয়েছে। চলছিল ধারাবাহিক ‘চিরসখা’। তবে এবার সেই ধারাবাহিকের শুটিং বন্ধ থাকবে। লেখিকা লীনা গঙ্গোপাধ্যায় যেসব ধারাবাহিকের সঙ্গে যুক্ত আছেন, সেগুলোতে এই মুহূর্তে কাজ করতে চান না, শিল্পী বা টেকনিশিয়ানরা। সেক্ষেত্রে ‘চিরসখা’ ধারাবাহিক বন্ধ হয়ে যাবে, যদি অন্য প্রযোজক না করেন। ‘কনে দেখা আলো’ ধারাবাহিকটা দেখা যাবে কিনা, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *