Mohammed Shami : আমি যন্ত্র নই…লখনৌকে জিতিয়ে নির্বাচকদের খোঁচা শামির! - 24 Ghanta Bangla News
Home

Mohammed Shami : আমি যন্ত্র নই…লখনৌকে জিতিয়ে নির্বাচকদের খোঁচা শামির!

Mohammed Shami : আমি যন্ত্র নই…লখনৌকে জিতিয়ে নির্বাচকদের খোঁচা শামির!

কলকাতা : তিনি ভাল খেললেও দেশের হয়ে সুযোগ পান না। খারাপ খেললে তো কথাই নেই। ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে ভাল খেলেছেন শামি। গত রঞ্জি ট্রফিতে এক ম্যাচেই ৮ উইকেট পেয়েছিলেন। তবুও কোনও ফরম্যাটেই জাতীয় দলের হয়ে খেলতে পারেন নি তিনি। এবার লখনৌ সুপারজায়ান্টের (Lucknow Super Giant) হয়ে ম্যাচ জিতিয়ে রীতিমতো ক্ষোভ দেখা গেল মহম্মদ শামির (Mohammed Shami) গলায়।

গতকাল, রবিবার সানরাইজার্স হায়দরাবাদ বনাম লখনৌ সুপারজায়ান্ট ম্যাচে দারুন বল করেছেন শামি। ৪ ওভার বল করে ৯ রান দিয়ে পেয়েছেন ২ উইকেট। আউট করেছেন ট্র্যাভিস হেড ও অভিষেক শর্মাকে। গোটা স্পেল জুড়েই ক্রমাগত নিয়ন্ত্রণ দেখা গিয়েছে তাঁর বোলিংয়ে। এই নিয়েই শামি ম্যাচ শেষের পরে বলেছেন,”যদি আপনি খেলতে চান তাহলে আপনাকে খেলার কাছাকাছি থাকতে হবে। একমাত্র ফিট থাকলেই দক্ষ হাতে ম্যাচে নিজের ক্যারিশমা দেখাতে পারবেন। ঠিক সেই কারণেই আমি ক্রমাগত ফিট থেকে সব ম্যাচ খেলার চেষ্টা করেছি।”

গতবার আইপিএল ভাল যায়নি তাঁর। কিন্তু এই বছর ভাল ফর্মে শামি। সেই নিয়ে তাঁর মত,”আমি যন্ত্র নই। আমি সবসময় ভাল খেলার চেষ্টা করেছি। লোকে দেখেনি সেটা আলাদা বিষয় কিন্তু উত্থান-পতন থাকবেই। এটাই স্বাভাবিক।” চোট সরিয়ে হায়দরাবাদ দলের হয়ে ভাল পারফরম্যান্স করতে পারেননি শামি। ৯ ম্যাচে ৬ উইকেট নিয়ে মরসুম শেষ করেছিলেন। গড় ছিল ১১.২৩। এই বছর তুলনামূলক ভাল ফর্মে। তাঁর এই ভাল ফর্মের জন্য বোলিং কোচ ভরত অরুণকে কৃতিত্ব দিচ্ছেন শামি। তিনি বললেন,”ভরত ভাইয়ের সঙ্গে অনেক দিন কাজ করেছি। তাই ওনার সঙ্গে আমার বন্ডিং ভাল। লখনৌ আমার দ্বিতীয় ঘর তাই মানিয়ে নিতে খুব একটা সময় লাগেনি।”

ভাল ফর্মে থাকলেও নেই জাতীয় দলে। এই নিয়ে কী মত তাঁর ? তিনি বললেন,”আমি শুধু পরিশ্রম করি। বাকিটা উপরওয়ালা দেখে নেবেন। যেকোনও মঞ্চেই দক্ষতার সহিত আপনাকে পরিশ্রম করতে হবে। নতুন ও পুরোনো বলে আপনি কিভাবে বল করছেন, তার ওপর অনেক কিছু নির্ভর করে। আমি কিভাবে দলের কাজে লাগতে পারি, তাই ভাবি।” মত শামির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *