Suvendu Adhikari campaigning: ‘ভবানীপুরে বাড়ি বাড়ি প্রচারে সাদা পোশাকের পুলিশ অনুসরণ করছে’, জ্ঞানেশকে চিঠি শুভেন্দুর, সোশ্যাল মিডিয়ায় ছবিও দিলেন

কলকাতা: ছাব্বিশের নির্বাচনে হাইভোল্টেজ কেন্দ্র ভবানীপুর। রাজনৈতিক মহলের নজর এই আসনের উপর। আর এই ভবানীপুরে প্রচার নিয়েই বিস্ফোরক অভিযোগ করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, ভবানীপুরে শান্তিপূর্ণভাবে বাড়ি বাড়ি গিয়ে তাঁর প্রচারের সময় সাদা পোশাকের পুলিশ সঙ্গে থাকছে। তাঁকে অনুসরণ করছে।
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুরে বিজেপির বাজি শুভেন্দু। ভবানীপুরে তাঁর মনোনয়ন জমা দেওয়ার সময় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রোড শো করে মনোনয়ন জমা দিতে যাওয়ার সময়ও উত্তেজনা ছড়িয়েছিল। এবার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখে বড় অভিযোগ করলেন শুভেন্দু। মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি পাঠিয়েছেন জানিয়ে এক্স হ্যান্ডলে বিজেপি প্রার্থী লিখেছেন, “ভবানীপুরে গণতন্ত্রের উপর আক্রমণ হচ্ছে। কলকাতা পুলিশকে তৃণমূল ব্যক্তিগত নজরদারি বাহিনী হিসেবে বেপরোয়াভাবে ব্যবহার করছে।”
এরপরই শুভেন্দু লেখেন, ভবানীপুরে তিনি যখন বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারছেন, তখন সাদা পোশাকের পুলিশ তাঁকে অনুসরণ করছে। যাঁরা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছেন। সাহস দেখিয়েছেন, সেই ভোটারদের ঠিকানা ও পরিচয় নোট করে নিয়েছেন ওই পুলিশকর্মীরা। যাতে পরে ওই ভোটারদের ভয় দেখানো যায়।
এটি রাষ্ট্র-পৃষ্ঠপোষকতায় ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথে একটি বড় বাধা বলে দাবি ভবানীপুরের বিজেপি প্রার্থীর। যদিও এই সব কৌশল আর কাজ করবে না বলে দাবি শুভেন্দু অধিকারীর। তাঁর মতে, তৃণমূলের একচ্ছত্র আধিপত্য ও স্বেচ্ছাচারিতার দিন শেষ। সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু লেখেন, “রাজ্যের বাকি অংশের মতো ভবানীপুরের ভোটাররা তৃণমূলকে উপযুক্ত জবাব দেবে। শুধু দেখতে থাকুন।” সোশ্যাল মিডিয়ায় দু’জন সাদা পোশাকে পুলিশকর্মীর ছবিও দিয়েছেন ভবানীপুরের বিজেপি প্রার্থী। তাঁরা কোন থানায় কোন পদে রয়েছেন, তাও উল্লেখ করেছেন। এখন দেখার শুভেন্দুর অভিযোগের পরিপ্রেক্ষিতে কী পদক্ষেপ করে নির্বাচন কমিশন।