Nepal Holiday : ইরান যুদ্ধের প্রভাব, এবার থেকে সাপ্তাহিক ছুটির দিন বাড়ল সরকারি অফিসে - 24 Ghanta Bangla News
Home

Nepal Holiday : ইরান যুদ্ধের প্রভাব, এবার থেকে সাপ্তাহিক ছুটির দিন বাড়ল সরকারি অফিসে

Nepal Holiday : ইরান যুদ্ধের প্রভাব, এবার থেকে সাপ্তাহিক ছুটির দিন বাড়ল সরকারি অফিসে

কাঠমাণ্ডু : ইরান যুদ্ধের প্রভাব পড়েছে সর্বত্র। বিশ্ব বাণিজ্যে জ্বালানি সংকট দেখা গিয়েছে। বিশেষ করে, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, নিউজ়িল্যান্ডের মতো দেশগুলি জ্বালানি বাঁচাতে বিকল্প চিন্তা-ভাবনা করছে। কোথাও ওয়ার্ক ফ্রম হোম চালু হয়েছে, কোথাও আবার স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে। অনলাইনেই চলছে পড়াশোনা। এবার জ্বালানি সঙ্কটের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল আরও একটা দেশ।

নেপালে নতুন নিয়ম কার্যকর করা হচ্ছে। এবার সরকারি ছুটি একদিন বাড়ানো হয়েছে। বলেন্দ্র সরকার জানিয়েছে, এখন থেকে সরকারি দফতরে সপ্তাহে দু’দিন শনিবার ও রবিবার ছুটি থাকবে। আগে যেখানে শুধু শনিবার ছুটি থাকত, সেখানে আরও একদিন বাড়িয়ে নতুন নিয়ম কার্যকর করা হচ্ছে। এবার থেকে সব সরকারি দফতর রবিবারও বন্ধ থাকবে।

তবে, কাজের সময়সীমা বাড়ানো হয়েছে। কাজের সময় এক ঘম্টা বাড়ানো হয়েছে। আগে সকাল ১০টা থেকে অফিস শুরু হত। নতুন নিয়ম অনুযায়ী, সকাল ১০টা নয়, সকাল ৯টা থেকে অফিস শুরু হবে। ছুটির সময় একই রাখা হয়েছে। নতুন নিয়ম সরকারি মুখপাত্র সাস্মিতা পোখারেল জানান, পেট্রোলিয়াম সরবরাহে সঙ্কট তৈরি হয়েছে। আর এই পরিস্থিতিতে চিন্তা-ভাবনা করে এই পদক্ষেপ করা হয়েছে। নতুন এই ব্যবস্থা সোমবার থেকে কার্যকর হবে।

মুখপাত্র আরও জানান, সরকারি দফতর এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো শনি ও রবিবার উভয় দিনই বন্ধ থাকবে। তবে, মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া অন্যান্য সরকারি দফতরগুলোর জন্য সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কাজের সময় প্রযোজ্য করা হবে। অর্থাৎ শিক্ষার প্রতিষ্ঠান গুলোর জন্য অতিরিক্ত কাজের ঘণ্টা যুক্ত হচ্ছে না।

এর আগে জ্বালানি সংকট মোকাবিলায় বড় পদক্ষেপ করেছিল নেপাল ওয়েল কর্পোরেশন। সংস্থাটি আন্তর্জাতিক বিমানের জন্য জ্বালানির দাম ৮৪.৭ শতাংশ থেকে ১১৭.৪ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে। এই মূল্যবৃদ্ধির ফলে কাঠমান্ডু, পোখরা ও ভৈরহাওয়া থেকে আন্তর্জাতিক উড়ানে খরচ বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *