Chinsurah BJP Candidate: ‘BJP এলে বাঙালি আরও বেশি মাছ মাংস খাবে’,বাজারে প্রচার সারলেন বিজেপি প্রার্থী

চুঁচুড়া: আপাতত ভোটের আগে বাঙালি আমিষ খাবে নাকি নিরামিষ খাবে সেই নিয়ে জোরদার চর্চা চলছে। তৃণমূলের দাবি, বিজেপি ক্ষমতায় এলে মাছ-মাংস খাওয়া বন্ধ করে দেবে। আর পদ্মশিবির সেই অভিযোগ খণ্ডাতে মরিয়া। বিজেপি ক্ষমতায় এলে বাঙালি আরও বেশি-বেশি মাছ মাংস খাবে,রবিবাসরীয় প্রচারে ঘুরে বাজার করলেন চুঁচুড়ার বিজেপি প্রার্থী।
রবিবারের সকালে বাজারের ব্যাগ হাতে জনসংযোগে দেখা গেল চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুবীর নাগকে। রবিবাসরীয় সকালে তিনি চুঁচুড়ার মল্লিক কাসেম হাটে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, নির্বাচনকে সামনে রেখে জনসংযোগ করেন।
বাজারে ঘুরে শাক-সবজি থেকে শুরু করে চিংড়ি, পাবদা, কাতলা সহ নানা ধরনের মাছের দোকানেও দেখা যায় বিজেপি প্রার্থীকে। বাজার করতে করতেই তিনি স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের বিভিন্ন সমস্যা ও মতামত শোনেন।
এই প্রসঙ্গে সুবীর নাগ বলেন, “আমি ৪০ বছর ধরে এই বাজারে এসে নিজের বাড়ির জন্য বাজার করি। আজও রবিবার, তাই বাজার করতে এসেই কর্মী-সমর্থকদের সঙ্গে জনসংযোগ প্রচারও করলাম।”
মাছ-মাংস খাওয়া নিয়ে বিরোধীদের কটাক্ষের জবাব দিয়ে তিনি বলেন, “আমি নিজেও মাছ-মাংস খাই। অনেকেই বলেন বিজেপি ক্ষমতায় এলে মাছ-মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাঙালি মানেই মাছে-ভাতে বাঙালি। বিজেপি ক্ষমতায় এলে বাঙালিরা আরও বেশি করে মাছ-ভাত খাবে।”
তিনি আরও বলেন, “যারা এই ধরনের কথা বলে বিজেপিকে কটাক্ষ করেন, তাঁদের মনে রাখা উচিত আমরা সকলেই বাঙালি। আর বাঙালির প্রিয় খাবারের তালিকায় মাছ অন্যতম।”