Ashok Sharma : আইপিএলে ১৫৪ কিমি/ঘন্টা গতিতে বল করা অশোক শর্মাকে চেনেন ? - 24 Ghanta Bangla News
Home

Ashok Sharma : আইপিএলে ১৫৪ কিমি/ঘন্টা গতিতে বল করা অশোক শর্মাকে চেনেন ?

Ashok Sharma : আইপিএলে ১৫৪ কিমি/ঘন্টা গতিতে বল করা অশোক শর্মাকে চেনেন ?

কলকাতা : আইপিএলে গুজরাট টাইটানসের হয়ে খেলছেন অশোক শর্মা। ইতিমধ্যেই পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ভাল বল করে নজরে এসেছেন তিনি। এবার আবার চর্চায় এই যুবক। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ১৫৪.২ কিমি বল করে রেকর্ড গড়ে দিলেন অশোক। ‘রফতার সিং’ নামে তিনি পরিচিত হলেও তাঁর এই গতি ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে ক্রিকেট মহলে।

আইপিএল মরসুমের দ্রুততম বল করলেন তিনি। রাজস্থান ইনিংসের ১৬তম ওভার চলাকালীন তিনি একটি বল করেন যার গতি ছিল ১৫৪.২ কিমি/ঘন্টা। এটি ছিল একটি নিখুঁত ইয়র্কার, যা ব্যাটে লেগে প্যাডে লাগে ব্যাটার ধ্রুব জুরেলের। পুরো ম্যাচেই অশোক আক্রমণাত্মক বোলিং করেছেন। ৪ ওভার বল করে ৩৭ রান দিয়ে ১ উইকেট নিলেও তাঁর গতি রাজস্থানের ব্যাটারদের বেশ চাপে ফেলেছিল। বিশেষ করে ডেথ ওভারে তাঁর বল বেশ কার্যকরী হয়েছে গুজরাটের জন্য। অশোক শর্মার বয়স মাত্র ২৩। ২০০২ সালের ১৭ জুন তাঁর জন্ম। তাঁর বাবা নাথুলাল শর্মা একজন কৃষক। অশোক রাজস্থানের জয়পুরা গ্রামে থাকেন। স্কুলে পড়াকালীনই তাঁর বোলিংয়ে ঔজ্জ্বল্য লক্ষ্য করা যায়। এরপরে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও তিনি ভাল বোলিং করেছিলেন। তাঁর গতি ও সুইং দিয়ে সবাইকে মুগ্ধ করেছিলেন অশোক। তাঁর এই পারফরম্যান্সই তাঁকে আইপিএলের মতো বড় মঞ্চে নিজেকে প্রমানের সুযোগ করে দেয়।

২০২২ সালে কলকাতা নাইট রাইডার্স ৫৫ লক্ষ টাকায় তাঁকে দলে নিয়েছিল। নেটে বড় বড় ব্যাটসম্যানদের আউট করলেও কেকেআরের মূল দলে তাঁর জায়গা হয়নি। ২০২৫ সালে তাঁর নিজের রাজ্যের দল রাজস্থান রয়্যালস তাঁকে ৩০ লক্ষ টাকায় কিনেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত, সেবারেও তিনি মাঠের বাইরে বসে কাটান। অবশেষে এবছর তাঁকে দলে নিয়েছে গুজরাট টাইটান্স। দুই ম্যাচেই ভাল বল করেছেন অশোক। সুযোগ পেলে যে তিনি কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন, প্রমান করলেন রাজস্থানের এই ২৩ বছরের বোলার। অশোকের এই বোলিং অ্যাকশন দেখে ক্রিকেট বিশেষজ্ঞদের মত, খুব শীঘ্রই অশোক জাতীয় দলের প্রতিনিধিত্ব করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *