Flight Seats Booking : যাত্রীদের জন্য দুঃসংবাদ, বিনামূল্যে আর ৬০ শতাংশ আসন বুকিং নয় বিমানে - 24 Ghanta Bangla News
Home

Flight Seats Booking : যাত্রীদের জন্য দুঃসংবাদ, বিনামূল্যে আর ৬০ শতাংশ আসন বুকিং নয় বিমানে

Spread the love

Flight Seats Booking : যাত্রীদের জন্য দুঃসংবাদ, বিনামূল্যে আর ৬০ শতাংশ আসন বুকিং নয় বিমানে

নয়াদিল্লি: নিজের পছন্দ মতো আর বিনামূল্যে আসন বুকিং করতে পারবেন না যাত্রীরা। ৬০ শতাংশ আসন বুকিংয়ে এবার স্থগিতাদেশ দিল অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। বিমান সংস্থাগুলির তরফে অপারেশনাল ও বাণিজ্যিক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিন কয়েক আগেই বিমানের জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে। যার ফলে ইন্ডিগো-সহ একাধিক বিমানের ভাড়া বেড়েছে। বিমানে যাতায়াত খরচ অনেকটাই বেড়েছে। এবার বিনামূল্যে আসনও বাছাইয়ের নির্দেশে স্থগিতাদেশ আসতেই চিন্তায় পড়েছেন যাত্রীরা।

অসামরিক বিমানমন্ত্রকের তরফে জানানো হয়েছে,২ এপ্রিল ডিজিসিএ-কে একটি চিঠি পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে বিস্তারিত পর্যালোচনা না হওয়া পর্যন্ত এই নির্দেশ কার্যকর করা হবে না। মন্ত্রকের তরফে জানানো হয়েছে,চিঠিতে বলা হয়েছে, ‘ফেডারেশন অফ ইন্ডিয়ান এয়ারলাইন্স’ (এফআইএ)ও আকাশা এয়ার-এর পক্ষ থেকে এই নিয়মের ফলে আর্থিক ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এরপরই এই সিদ্ধান্ত নেওয়া বলে খবর।

উল্লেখ্য, ১৭ মার্চ অসামরিক বিমান পরিবহন মন্ত্রক ডিজিসিএ-কে নির্দেশ দিয়েছিল যাতে বিমান সংস্থাগুলি যাত্রী পরিষেবা আরও উন্নত করে। প্রতিটি বিমানে অন্তত ৬০ শতাংশ আসন দেওয়ার বিষয়ে নির্দেশ দেওয়া হয়। তবে, সেক্ষেত্রে অতিরিক্ত টাকা লাগবে না। এমনকী এও নির্দেশ দেওয়া হয়েছিল, পরিবার বা বন্ধুদের নিয়ে বিমানে সফর করলে পাশাপাশি আসন পাওয়ার জন্য যাত্রীদের অতিরিক্ত টাকা দিতে হবে না। তবে সেই নির্দেশই আপাতত স্থগিত রাখা হল।

যদিও এই নির্দেশ স্থগিত করা হলেও, যাত্রী সুবিধা সংক্রান্ত অন্যান্য নিয়ম কার্যকর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে আসন বরাদ্দে স্বচ্ছতা বৃদ্ধি, একই PNR-এ থাকা যাত্রীদের পাশাপাশি বসার ব্যবস্থা এবং অতিরিক্ত চার্জ সম্পর্কে স্পষ্ট তথ্য প্রদান।

প্রসঙ্গত, জ্বালানি সঙ্কটের জেরে জেট ফুয়েলের দাম বৃদ্ধি পেয়েছে। তার জেরে ভাড়া বাড়াল ইন্ডিগো বিমান সংস্থা। দেশীয় ও আন্তর্জাতিক দুই রুটেই বিমানের নতুন ভাড়া ঘোষণা হয়েছে। ২ এপ্রিল থেকে নতুন ভাড়া কার্যকর হয়েছে। কিলোমিটার প্রতি ভাড়া বাড়ানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *