Actor Soham Chakraborty: বিপাকে অভিনেতা-বিধায়ক সোহম? ২ এপ্রিল হাইকোর্টে হাজিরার নির্দেশ - 24 Ghanta Bangla News
Home

Actor Soham Chakraborty: বিপাকে অভিনেতা-বিধায়ক সোহম? ২ এপ্রিল হাইকোর্টে হাজিরার নির্দেশ

Spread the love

Actor Soham Chakraborty: বিপাকে অভিনেতা-বিধায়ক সোহম? ২ এপ্রিল হাইকোর্টে হাজিরার নির্দেশ

কলকাতা: তিনি অভিনেতা। আবার তৃণমূলের বিধায়কও। এবারও বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন। জোরকদমে প্রচার করছেন। এরই মধ্যে কলকাতা হাইকোর্টে মামলা হল অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে মামলা করলেন শাহিদ ইমাম নামে হুগলির এক ব্যবসায়ী তথা তৃণমূল নেতা। আগামী ২ এপ্রিল সোহম কিংবা তাঁর প্রতিনিধিকে হাইকোর্টে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।

ঋণখেলাপির অভিযোগে সোহমের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন শাহিদ। মঙ্গলবার তিনি বলেন, মামলাটি এদিন গৃহীত হয়েছে। আগামী ২ এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার মামলার শুনানি রয়েছে। সোহম কিংবা তাঁর প্রতিনিধিকে শুনানিতে থাকার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

শাহিদ ইমামের অভিযোগ, ২০২১ সালে একটি ছবির জন্য সোহমকে টাকা দিয়েছিলেন তিনি। ৬৮ লক্ষ টাকা পান অভিনেতার কাছ থেকে। কিন্তু, সেই টাকা ফেরত দিচ্ছেন না অভিনেতা-বিধায়ক। এসএসসি কাণ্ডে ২০২২ সালে গ্রেফতার হয়েছিলেন শাহিদ। ২০২৪ সালে জামিন পান। তারপরই সোহমের কাছে টাকা ফেরত চান। শাহিদের অভিযোগ, টাকা চাইলে হুমকি দেওয়া হচ্ছে তাঁকে। কিছুদিন আগে চারু মার্কেট থানায় এই নিয়ে অভিযোগও দায়ের করেন তিনি।

সেইসময় সোহম বলেছিলেন, তিনি কোনও হুমকি দেননি। একইসঙ্গে বলেছিলেন, এমনও হতে পারে এর পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র থাকতে পারে। তবে এদিন শাহিদ ইমাম বলেন, “সোহম কবে থেকে রাজনীতিতে এলেন? নিজের স্বার্থে রাজনীতিতে যোগ দিয়েছেন। আর আমাদের পরিবার প্রথম থেকে কংগ্রেস এবং পরে তৃণমূলের সঙ্গে জড়িত। আমার বাবা তৃণমূলের টিকিটে প্রার্থী হয়েছেন। আমি নিজে তৃণমূলের সঙ্গে জড়িত। আমরা সোহমকে দেখে দল করি না। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করি।” শাহিদ ইমামের দাবি, তিনি বারবার বলার পরও টাকা ফেরত না পেয়েই আদালতের দ্বারস্থ হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *