Rahul Banerjee’s Demise: ‘ও কি নৌকা থেকে পড়ে গিয়েছিল না কি হাঁটতে হাঁটতে…’, রাহুলের মৃত্যুতে একের পর এক প্রশ্ন তুলে দিল সহ অভিনেতারাই

কলকাতা: এমনটা হওয়ার কথা ছিল না। রবিবার সন্ধ্যায় হঠাৎ এল দুঃসংবাদ। রাহুল আর নেই। খবরটা শুনে টলিউডের কলাকুশলী থেকে শুরু করে সাধারণ মানুষ-কেউই বিশ্বাস করতে পারছিলেন না। অকালে প্রয়াণ জনপ্রিয় অভিনেতা, লেখক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। রবিবার (২৯ মার্চ) ওড়িশার তালসারিতে শুটিং করতে গিয়েই দুর্ঘটনা ঘটে। জলে ডুবে যান রাহুল, হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
তবে রাহুলের মৃত্যু ঘিরে এখনও অনেক প্রশ্নের উত্তর মেলেনি। শুটিং চলছিল নাকি প্যাক-আপ হয়ে গিয়েছিল? সহ-অভিনেত্রী শ্বেতার দাবি, তিনিও জলে পড়ে গিয়েছিলেন। তাঁকে উদ্ধার করা গেলে, রাহুলের সঙ্গে কেন এমনটা হল? এবার টলিপাড়াও এই নিয়ে মুখ খুলতে শুরু করল। একে একে কলা-কুশলীরা দাবি করছেন নিরপেক্ষ তদন্তের।
টলিউডের পরিচিত মুখ রুপসা গুহ। তিনিও রাহুলের মৃত্যুর খবর শুনে প্রথমে বিশ্বাস করতে পারেননি। পরে ফেসবুকে পোস্ট করে সরাসরি প্রশ্ন তোলেন, “ও কি নৌকা থেকে পড়ে গিয়েছিল না কি হাঁটতে হাঁটতে আরও গভীর সমুদ্র স্রোত তলিয়ে গিয়েছিল, ড্রোন শটের জন্য শুটিং চলাকালীন, এটাই আমার একমাত্র প্রশ্ন। কোনও স্বচ্ছতা নেই। আমাদের স্বচ্ছতা চাই।”