IPL 2026 Preview: গুয়াহাটিতে আজ অতীত ভোলার লড়াই, নজরে থাকবেন ১৫ বছরের বিস্ময় বালক! - 24 Ghanta Bangla News
Home

IPL 2026 Preview: গুয়াহাটিতে আজ অতীত ভোলার লড়াই, নজরে থাকবেন ১৫ বছরের বিস্ময় বালক!

IPL 2026 Preview: গুয়াহাটিতে আজ অতীত ভোলার লড়াই, নজরে থাকবেন ১৫ বছরের বিস্ময় বালক!

কলকাতা : আজ সোমবার আইপিএলে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে চেন্নাই উপর কিংস। বিপক্ষে রাজস্থান রয়্যালস। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। আগেই জানা গিয়েছিল, প্রায় দুই সপ্তাহ মাঠের বাইরে থাকবেন মহেন্দ্র সিংহ ধোনি। পায়ের চোটের কারণে খেলতে দেখা যাবে না তাঁকে। এরপর আবার সিএসকের শিবিরে বয়ে এল দুঃসংবাদ। ধোনির পর আজ অনিশ্চিত ডেওয়াল্ড ব্রেভিসও। ফলত, দুই বিধ্বংসী ব্যাটার না থাকায় ম্যাচ শুরু আগেই ব্যাকফুটে চেন্নাই শিবির।

বিশ্ব ক্রিকেটে ‘বেবি এবি’ নামে পরিচিত ব্রেভিস। এবি ডি’ভিলিয়ার্সের ব্যাটিংয়ের সঙ্গে তাঁর ব্যাটিংয়ের সামঞ্জস্য থাকায় তাঁকে এই নামেই ডাকা হয় ক্রিকেট দুনিয়ায়। কিন্তু এই মুহূর্তে শোনা যাচ্ছে, তাঁর পেশিতে টান ধরেছে। ফলে, প্রথম ২টি বা ৩টি ম্যাচ খেলতে পারবেন না ব্রেভিস। গত মরসুমে টুর্নামেন্টের মাঝেই তাঁকে দলে নিয়েছিল সিএসকে। ফর্মেও ছিলেন এই প্রোটিয়া ব্যাটার। সেকারণেই এই বছরেও তাঁকে দলে রেখেছে সিএসকে। এদিকে ধোনিকে নিয়ে শোনা গেল আরও দুঃসংবাদ। আগে শোনা গিয়েছিল, প্রথম ৩ বা ৪টি ম্যাচ খেলতে পারবেন না ধোনি। এবার শোনা যাচ্ছে, খুব সম্ভবত ৬ ম্যাচ মাঠের বাইরে থাকবেন সমর্থকদের প্রিয় ‘থালা’। আজ গুয়াহাটিতে ম্যাচ রাজস্থানের বিরুদ্ধে। শোনা গিয়েছে, দলের সঙ্গে গুয়াহাটি যাননি ধোনি।

আজ রাজস্থানের প্রথম ম্যাচে নজরে থাকবেন ১৫ বছরের ‘বিস্ময় বালক’ বৈভব সূর্যবংশী। ইতিমধ্যেই আইপিএলে সেঞ্চুরি করে ফেলেছেন বৈভব। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে করেছেন ১৭৫ রান। আজ প্রথম ম্যাচেই তাঁকে বড় ইনিংস খেলতে দেখতে চান সমর্থকরা। সেই সঙ্গে নজরে থাকবেন রবীন্দ্র জাদেজা ও সঞ্জু স্যামসন। একদিকে, সিএসকে থেকে রাজস্থানে গিয়েছেন জাদেজা ও রাজস্থান থেকে সিএসকে-তে গিয়েছেন সঞ্জু। ফলত, নিজেদের প্রাক্তন দলের বিরুদ্ধে দু’জনে কেমন পারফরম্যান্স করেন, এই নিয়েও আলোচনা থাকবে আজ ক্রিকেটমহলে।

সিএসকে-তে নজরে থাকবেন শিবম দুবে ও অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। দলে রয়েছেন সদ্যই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক আয়ুষ মাত্রেও। তাঁর থেকেও বড় রানের আশা করবে চেন্নাই ব্রিগেড। মারকুটে ব্যাটার হিসেবে পরিচিত শিমরন হেটমায়ার রয়েছেন রাজস্থান দলে। রয়েছেন যশস্বী জয়সোয়াল, ধ্রুব জুৱেল ও অধিনায়ক রিয়ান পরাগও। ফলে, সব মিলিয়ে এক দুর্দান্ত ও হাই-স্কোরিং ম্যাচের আশা করছেন সমর্থকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *