Indian Rupee : দিন শেষে ভারতীয় টাকার রেকর্ড পতন, ডলারের নিরিখে কত হল দাম? - 24 Ghanta Bangla News
Home

Indian Rupee : দিন শেষে ভারতীয় টাকার রেকর্ড পতন, ডলারের নিরিখে কত হল দাম?

Spread the love

Indian Rupee : দিন শেষে ভারতীয় টাকার রেকর্ড পতন, ডলারের নিরিখে কত হল দাম?

নয়াদিল্লি : সপ্তাহের শুরুতে টাকার রেকর্ড পতন। দিনের শুরুটা ভালই হয়েছিল। শেয়ার বাজারের পতনের মধ্যেও টাকার দাম বেড়েছিল। কিন্তু, দিনের শেষে যে ছবিটা পুরো বদলে যাবে, তা কেউ ভাবতেও পারেননি হয়তো। দুপুর গড়াতেই দেখা যায় টাকার দাম রেকর্ড পতন হয়েছে। তথ্য বলছে, এর আগে টাকার দাম এতটা সস্তা হয়নি।

সোমবার সকালে ডলারের নিরিখে ভারতীয় মুদ্রার দাম ১ টাকা ২৮ পয়সা বাড়ে। যুদ্ধ পরিস্থিতিতে শেয়ার বাজারে যখন ধস নামে, সেইসময় টাকার দামে উথ্থানে স্বস্তির নিঃশ্বাস ফেলেন অর্থনীতিবিদরা। কিন্তু, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ছবিটা বদলাতে শুরু করে। মার্কেট ক্লোজ়ের আগে ভারতীয় টাকার পতন অর্থনীতিতে বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। প্রথমবার ডলারের নিরিখে ভারতীয় মুদ্রার দাম ৯৫টাকা পেরিয়ে যায়। যা নয়া রেকর্ড বলে জানা গিয়েছে।

কত সস্তা হল টাকা?

তথ্য অনুযায়ী,দুপুর ৩টা ২০ নাগাদ ডলারের নিরিখে ভারতীয় টাকার দাম ০.৪১ শতাংশ কমে ৯৫.১৫-তে পৌঁছেছে। এমনকী, দিনের শেষে একসময় ভারতীয় টাকা দাম ৯৫.৫৮-তে পৌঁছে যায়। যা এখনও পর্যন্ত রেকর্ড পতন বলা হচ্ছে। দিনের শুরুতে ডলারের নিরিখে ভারতীয় টাকা ৯৩.২৪-এ পৌঁছেছিল। অর্থাৎ দিন শেষে দেখা গেল টাকার পতন হয়েছে প্রায় ২ টাকা ৩৩ পয়সা।

বিশেষজ্ঞদের মতে, গত এক বছরে ডলারের নিরিখে ভারতীয় মুদ্রার মূল্য প্রায় ১২ টাকা কমে গিয়েছে। শুক্রবারই ভারতীয় টাকার দাম ছিল ৯৪.৮৫ টাকা।

কেন বারবার টাকার দাম পড়ছে

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে বিশ্ববাজারে তেলের চাহিদা বেড়েছে। দাম বেড়েছে অপরিশোধিত তেলের। আর তেলের দাম বাড়ার কারণে ডলার বেশি খরচ হয়। ব্যারেল প্রতি ক্রুড তেলের দাম বেড়ে হয়েছে ১১৫.৫ ডলার। এদিকে ডলার বেশি খরচ হওয়ার কারণে ডলারের চাহিদাও বৃদ্ধি পায়। যার ফলে টাকার দাম পড়ছে।

শেয়ার বাজারে প্রভাব

সোমবারও শেয়ার বাজারে ধস নামে। প্রায় ১ হাজার ৭০০ পয়েন্ট পড়ে যায় সেনসেক্স। নিফটি পড়ে গিয়েছে ৫০০-র বেশি। দিন শেষে সেনসেক্স ১,৭৩৩ পয়েন্ট পড়ে হয়েছে ৭১ হাজার ৮৪৯। নিফটি ৫২৮ পয়েন্ট পড়ে হয়েছে ২২,২৯১।

বিশেষজ্ঞদের আশঙ্কা, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে আগামী দিনে ভারতীয় টাকার ওপর আরও চাপ তৈরি হতে পারে। সব মিলিয়ে,এই অস্থিরতা শুধু টাকার মানই নয়, দেশের সামগ্রিক অর্থনীতির ওপরও বড় প্রভাব ফেলতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *