Actor Rahul Arunoday Banerjee: তালসারি বিচে জলে ডুবে মৃত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়

কলকাতা ও দিঘা: তালসারি বিচে মর্মান্তিক দুর্ঘটনা। জলে ডুবে প্রাণ হারালেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। শনিবার দিঘার তালসারি বিচে একটি ধারাবাহিকের শুটিং করছিলেন। জলে নেমেছিলেন তিনি। তারপর তলিয়ে যান। তাঁকে উদ্ধার করে দিঘার হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। অভিনেতার বয়স হয়েছিল মাত্র ৪৩ বছর। শোকস্তব্ধ টলিউড।
সিনেমা, সিরিয়াল, থিয়েটারে অবাধ বিচরণ ছিল রাহুল বন্দ্যোপাধ্যায়ের। তাঁর বাবার থিয়েটার গ্রুপ ছিল। সেখানে অভিনয়ে হাতেখড়ি। এরপর সিরিয়ালে অভিনয় করতে দেখা যায় তাঁকে। নায়ক হিসেবে প্রথম বাংলা সিনেমাতেই শোরগোল ফেলে দেন। রাহুল ও প্রিয়ঙ্কা সরকারের প্রথম সিনেমা ‘চিরদিনই তুমি যে আমার’ বাংলা সিনেমা জগতে আলোড়ন ফেলে।
এই সিনেমার নায়িকা প্রিয়ঙ্কার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে রাহুলের। তাঁরা বিয়ে করেন। রাহুল ও প্রিয়ঙ্কার একমাত্র ছেলে সহজ। মাঝে এই দম্পতির মধ্যে সম্পর্কে ফাটল ধরে। তবে ২০২৩ সালে ফের সেই সম্পর্ক জোড়া লাগে।