Pre-Wedding Chaos : জুতো পরে মন্দিরে প্রবেশ! প্রি-ওয়েডিং শুটে গিয়ে জুটল ‘মার’ - 24 Ghanta Bangla News
Home

Pre-Wedding Chaos : জুতো পরে মন্দিরে প্রবেশ! প্রি-ওয়েডিং শুটে গিয়ে জুটল ‘মার’

Pre-Wedding Chaos : জুতো পরে মন্দিরে প্রবেশ! প্রি-ওয়েডিং শুটে গিয়ে জুটল ‘মার’

বেঙ্গালুরু : সামনেই বিয়ে। তার আগে প্রি-ওয়েডিং সারতে মন্দিরে গিয়েছিলেন হবু দম্পতি। কিন্তু, কে জানত, ছবি তুলতে গিয়ে শেষপর্যন্ত বিপদে পড়তে হবে তাঁদের। আর যে ফটোগ্রাফার ছবি তুলতে গিয়েছিলেন, তাঁরাও কি জানতেন শেষপর্যন্ত হাসপাতালে যেতে হবে। প্রি-ওয়েডিং শুট করতে গিয়ে রীতিমতো মার খেতে হল তাঁদের। বেঙ্গালুরুর হাসান জেলার সাকলেশপুর তালুকের ঘটনা। সেখানেই প্রি-ওয়েডিং শুটকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়।

জানা গিয়েছে,তালুকের মারাগুন্ডা গ্রামের ভৈরবেশ্বর মন্দিরে প্রি-ওয়েডিং শুটে গিয়েছিলেন হবু দম্পতি। ফটোগ্রাফাররাও সঙ্গে ছিলেন। সেই সময় হঠাৎ কয়েকজন স্থানীয় মানুষ তাঁদের উপর চড়াও হয়। জুতো পরে কেন মন্দিরে প্রবেশ করেছেন তাঁরা, প্রশ্ন তোলেন তাঁরা। এরপরই দুই পক্ষের মধ্যে বচসা হয়। প্রথমে কথা কাটাকাটি, তারপর তা হাতাহাতি পর্যন্ত পৌঁছে যায়। ফটোগ্রাফারদের অভিযোগ, হঠাৎ তাঁদের মারধর শুরু করেন উত্তেজিত জনতা। তাঁদের ক্যামেরা ও মোবাইল ছিনিয়ে নিয়ে ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ।

ঘটনায় চার থেকে পাঁচজন ফটোগ্রাফার আহত হয়েছেন বলে খবর। তালুক হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁদের। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে বলে খবর। অন্যদিকে, স্থানীয়দের বক্তব্য, জুতো পরে মন্দির ঢুকে পবিত্রতা নষ্ট করা হচ্ছিল। তাঁদের অভিযোগ, প্রি-ওয়েডিং শুটের কারণে পরিবেশের ক্ষতি হচ্ছে এবং পোশাকবিধিও লঙ্ঘন করা হচ্ছে। তাঁরা প্রশাসনের কাছে এই ধর্মীয় স্থানকে সুরক্ষিত রাখার দাবি জানিয়েছেন।

এদিকে, ঘটনায় আহত ফটোগ্রাফাররা থানায় অভিযোগ দায়ের করেছেন। তবে এফআইআর নথিভুক্ত না হওয়ার অভিযোগ তুলে শতাধিক ফটোগ্রাফার শাকলেশপুর থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান। বিক্ষোভ চলাকালীন ফটোগ্রাফার ও স্থানীয়দের মধ্যে তুমুল বচসা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো বেগ পেতে হয় পুলিশকে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শেষ পাওয়া খবর অনুযায়ী, ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৭ জনকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *