BJP: ১০ বছর তৃণমূল, ৩৪ বছর বামকে এবার বিজেপিকে একটা সুযোগ দিন: সৌমিত্র - 24 Ghanta Bangla News
Home

BJP: ১০ বছর তৃণমূল, ৩৪ বছর বামকে এবার বিজেপিকে একটা সুযোগ দিন: সৌমিত্র

BJP: ১০ বছর তৃণমূল, ৩৪ বছর বামকে এবার বিজেপিকে একটা সুযোগ দিন: সৌমিত্র

বর্ধমান: প্রচারে গিয়ে বলেছিলেন, রাগ থাকলে যেন তাঁকে চড় মারা হয়। তবু, যেন বিজেপিকে সকলে ভোট দেয়। আর এবার বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বললেন,দীর্ঘ ৩৫ বছর বামফ্রন্ট এবং পরবর্তী ১০ বছর তৃণমূলকে সুযোগ দেওয়ার পরও রাজ্যের প্রত্যাশিত উন্নয়ন হয়নি। তাই এবার উন্নয়নের স্বার্থে বিজেপিকে যেন সুযোগ দেওয়া হয়।সৌমিত্রের দাবি, বিজেপি ক্ষমতায় এলে কর্মসংস্থান বৃদ্ধি, মহিলাদের নিরাপত্তা জোরদার, উন্নত পরিকাঠামো গড়ে তোলা এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার মতো একাধিক পদক্ষেপ করা হবে।

শনিবার নির্বাচনী প্রচারে পূর্ব বর্ধমানের ভাতার বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর সমর্থনে বাইক র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি ভাতারের এরুয়ার অঞ্চলের নবাব নগর এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে কুড়মুনে শেষ হয়। বাইক র‍্যালিটি ভাতার বাজারে পৌঁছলে কদমতলা মোড়ে একটি চায়ের দোকানে চা-চক্রে যোগ দেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। উপস্থিত ছিলেন ভাতার বিধানসভার বিজেপি প্রার্থী সৌমেন কার্ফা, বিভিন্ন মণ্ডলের সভাপতি, নেতৃত্ব এবং অন্যান্য কর্মীরা। চা-চক্রকে ঘিরে সাধারণ মানুষের ভিড়ও লক্ষ্য করা যায়।

সেই চা-চক্রে বক্তব্য রাখতে গিয়ে সৌমিত্র খাঁ রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেন। অন্যদিকে, বিজেপি প্রার্থী সৌমেন কার্ফা জানান, ভাতারের মাটিতে একসময় যে উন্নয়নের কাজ শুরু হয়েছিল, তা মাঝপথে থেমে যায়। বিজেপি জয়ী হলে সেই থেমে থাকা উন্নয়নের কাজ নতুন করে শুরু করা হবে বলে তিনি আশ্বাস দেন। পাশাপাশি, তিনি স্থানীয় মানুষের সমর্থনের ওপর ভরসা রেখে জয়ের ব্যাপারে আশাবাদী বলে জানান। তবে বাইক মিছিলে বাইক আরোহীদের অধিকাংশদেরই মাথায় হেলমেট ছিল না।

“মানুষকে বলব আপনারা ৩৪ বছর বামদের দিয়েছেন, ১০ বছর তৃণমূলকে দিয়েছি। এবার বাংলার উন্নতির জন্য বিজেপিকে ভোট দিন। যেভাবে পূর্ব বর্ধমানকে আলাদা করে দেখা হয়, উন্নতি হয় না একটা বোতামের মাধ্যমে তার জবাব দিন আপনারা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *