‘জ্যাজ সিটি’-র জন্য রান্না শিখতে পেরেছেন? কী বললেন শ্রেয়া

বাংলাদেশের ভাষা আন্দোলন ও একটি নতুন দেশের জন্ম। এই প্রেক্ষাপটে লেখা একটি ঐতিহাসিক থ্রিলার ড্রামা ‘জ্যাজ সিটি’।পরিচালনায় সৌমিক সেন। সোনি লিভ প্ল্যাটফর্মে ১৯ মার্চ থেকে দেখা যাচ্ছে এই সিরিজ।
বাংলাদেশের জাতীয়তাবাদের সঙ্গে কলকাতার পার্ক স্ট্রিটের ‘জ্যাজ সিটি’র সম্পর্ক ঘিরে রহস্য রোমাঞ্চ প্রতিটি এপিসোডে দর্শকদের আটকে রেখেছে। এই সিরিজের প্রধান চরিত্র হল রহস্যে ঘেরা গল্প। যেখানে রাজনীতি থেকে মানবিক সম্পর্কের তানাবানা রচিত হয়েছে। এই সিরিজের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী শ্রেয়া ভট্টাচার্য। সিরিজের এই চরিত্রটি ওই ‘জ্যাজ সিটি’ রেস্তোরাঁর রাঁধুনি।
তবে এই চরিত্রটি সিরিজের রহস্যময় এক দিক নিয়েও দর্শকদের মনে প্রশ্ন উস্কে দেয়। অভিনেত্রী শ্রেয়া টিভি নাইন বাংলার সঙ্গে কথা বলতে গিয়ে জানালেন, “আমার এই চরিত্রটি খুব যত্ন সহকারে পরিচালক সৌমিক সেন লিখেছেন, একদম তেল দেওয়া পরিষ্কার বিনুনির মত। এই চরিত্রটির অনেকগুলো লেয়ার রয়েছে। সিরিজে আমি ‘জ্যাজ সিটি’র রাঁধুনি। চরিত্র সম্পর্কে বেশি কথা বললে স্পয়লার দেওয়া হয়ে যাবে, তবে একটি কথা বলতে পারি, এই চরিত্রটির জন্য খুব পরিশ্রম করেছি। আর আমি এই চরিত্রে অভিনয়ের আগে রান্নাবান্না একদম পারতাম না। এখন রান্নায় তুখোড় হয়ে গিয়েছি। অনেক কিছু শিখেছি।”
স্টুডিয়ো নাইন প্রযোজিত এই ওয়েব সিরিজের প্রতিটা চরিত্রই আকর্ষণীয়। জিমি রায়ের চরিত্রে রয়েছেন আরিফিন শুভ। শীলার চরিত্র করেছেন সৌরসেনী মৈত্র। প্রত্যেক অভিনেতা-অভিনেত্রীর চরিত্রই এমনভাবে সাজানো হয়েছে যে, দর্শক চোখ ফেরাতে পারছেন না, তাঁদের কাজ থেকে। সব মিলিয়ে ভীষণই জমজমাট একটা ওয়েব সিরিজ এই ‘জ্যাজ সিটি’।