WITT Summit 2026 : বিশ্বজুড়ে যুদ্ধ আবহেও উজ্জ্বল ভারত, জানালেন রামু রাও জুপ্পলি

নয়া দিল্লি : টিভি৯ নেটওয়ার্কের হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে সামিট ২০২৬ শুরু হয়েছে সোমবার। সামিটের শুরুর দিনই ভারতের অর্থনীতি ও ভবিষ্যৎ নিয়ে বড় বার্তা দিলেন মাই হোম গ্রুপের এগজ়িকিউটিভ ভাইস চেয়ারম্যান রামু রাও জুপ্পলি। তিনি বলেন, “বিশ্ব এখন এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। নানা সংকটের কারণে গোটা বিশ্বজুড়ে অর্থনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। ভারতও এর বাইরে নয়। তবে কাজের ধরন আর দৃঢ় সংকল্প এই দুইয়ের মাধ্যমে ভারত নিজেকে স্বতন্ত্র করে তুলেছে গোটা বিশ্বের কাছে।”
রামু রাও জুপ্পলির মতে, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর নেতৃত্বে যুবসমাজ আবারও স্বপ্ন দেখতে শুরু করেছে । তিনি বলেন, “প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজ বিশ্ব ভারতের যুবসমাজকে আশা ও ভরসার চোখে দেখছে। গণতন্ত্র, জনসংখ্যা এবং বৈচিত্র্যের শক্তিই ভারতের সবচেয়ে বড় সম্পদ।”
ইতিহাস রচনা করেছে ভারতের অর্থব্যবস্থা
রামু রাও জুপ্পলি জানিয়েছেন, ভারতের অর্থব্যবস্থা ইতিহাস রচনা করেছে। তিনি বলেন,”ভারত দ্রুত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে ওঠার পথে এগোচ্ছে । ভারতের “ডিজিটাল ফার্” মডেলকে বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি। এই বিষয়ে তিনি বলেন, “এই মডেল বিশ্বজুড়ে প্রতিভা খুঁজে বের করতে সাহায্য করছে এবং দেশের ব্যবসা ও জীবনযাত্রার মান উন্নত করছে।”
ভারত প্রতিভাদের কেন্দ্র
বিশ্বজুড়ে দক্ষ কর্মীর ঘাটতি রয়েছে। তবে, ভারতই একমাত্র দেশ, যা বৃহৎ পরিসরে সেই চাহিদা পূরণ করতে সক্ষম। ভারতের শক্তির সাতটি মূল স্তম্ভের কথাও তুলে ধরেন তিনি।