Potato Farmer: জলের তলায় ৫ বিঘে আলু জমি, মাথায় ঋণের বোঝা নিয়ে আত্মঘাতী মালদহের কৃষক - 24 Ghanta Bangla News
Home

Potato Farmer: জলের তলায় ৫ বিঘে আলু জমি, মাথায় ঋণের বোঝা নিয়ে আত্মঘাতী মালদহের কৃষক

Spread the love

Potato Farmer: জলের তলায় ৫ বিঘে আলু জমি, মাথায় ঋণের বোঝা নিয়ে আত্মঘাতী মালদহের কৃষক

মালদহ: গোঘাট, চন্দ্রকোনার পর এবার মালদহ। ভোটবঙ্গে আরও এক আলুচাষির মৃত্যু। মোটা টাকা ঋণ নিয়ে করেছিলেন চাষ। কিন্তু একে মন্দা, তার উপর বৃষ্টিতে জমির সব আলু পচে নষ্ট হয়ে গিয়েছে। তাতেই কয়েকদিন ধরে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছিলেন বিপতি রাজবংশী (৬৩)। পরিবারের সদস্য়রা বলছেন, চরম দুশ্চিন্তাই তাকে আত্মহত্যার পথে ঠেলে দিয়েছে। বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন তিনি। ঘটনা মালদহ বিধানসভা কেন্দ্রের পুরাতন মালদহের। রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর।

মৃত বিপতি রাজবংশীর বাড়ি পুরাতন মালদহের ব্লকের মহিষবাথানী অঞ্চলের তেলিপুকুর এলাকায়। তাঁর পরিবারের পাশে দাঁড়িয়ে বিজেপির প্রার্থী সব দায় চাপালেন রাজ্য সরকারের উপরেই। পরিবার সূত্রে জানা গিয়েছে, বিপতি রাজবংশীর নিজের এক বিঘা জমি রয়েছে। সেই জমি সহ ঠিকায় নেওয়া আর ৪ বিঘা জমিতে চাষের জন্য তিনি এই বছর মোটা সুদে মহাজনের কাছ থেকে ঋণ নিয়েছিলেন। সারের দোকানেও দেনা করে সার নিয়েছিলেন। আশা ছিল ফসল তুলে ঠিকঠাক দাম ফেলে সব ঋণই শোধ হয়ে যাবে। কিন্তু সে গুড়ে বালি। 

এমনিতেই আলুর দাম ছিল না। তার উপর সমস্ত আশায় জল ঢেলে দেয় গত শুক্র-শনিবারের বৃষ্টি। প্রচণ্ড বৃষ্টিতে পাঁচ বিঘা জমির সমস্ত আলু জমিতেই পচে নষ্ট হয়ে যায়। সেই দুশ্চিন্তাতেই হতাশাগ্রস্ত হয়েই সোমবার গভীর রাতে বাড়িতেই জমিতে দেওয়া বিষ খেয়ে তিনি আত্মঘাতী হন। শোকের ছায়া গোটা পরিবারে। এদিন মৃত আলু চাষের পরিবারের পাশে এসে দাঁড়ান মালদহ বিধানসভার বিজেপি প্রার্থী গোপালচন্দ্র সাহা। তোপ দাগেন রাজ্য সরকারের বিরুদ্ধে। প্রসঙ্গত, গত দু’দিনের বৃষ্টিতে মালদার প্রায় ১২ হাজার হেক্টর আলু চাষের জমি জলের তলায় চলে গিয়েছে। তাতেই মাথায় হাত হাজার হাজার আলু চাষির। সকলেই বলছেন, সরকার যদি পাশে দাঁড়ায়, যদি আর্থিক সাহায্য করে তাহলে বড় ভাল হয়। অন্যদিকে আলুর ন্য়ূনতম সহায়ক মূল্য বাড়ালেও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির জন্য আলাদা করে কোনও অর্থ সাহায্যের ঘোষণা করা হয়নি সরকারের তরফে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *