জুনে মুক্তি পাচ্ছে ধুরন্ধর ৩? জানুন সত্যিটা - 24 Ghanta Bangla News
Home

জুনে মুক্তি পাচ্ছে ধুরন্ধর ৩? জানুন সত্যিটা

Spread the love

জুনে মুক্তি পাচ্ছে ধুরন্ধর ৩? জানুন সত্যিটা

সিনেমা হলে চলছে জাসকিরাত সিং রাঙ্গির দাপট। ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ শেষ হওয়ার পর যখন দর্শক আসন ছেড়ে ওঠার তোড়জোড় করছেন, ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ল একটি ভিডিয়ো। দাবি করা হচ্ছে, সিনেমার শেষে নাকি ‘ধুরন্ধর ৩’-এর ঘোষণা হয়ে গিয়েছে! রণবীর সিং অভিনীত এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি নাকি আসছে আগামী জুনেই। কিন্তু সত্যিই কি তাই? নাকি এই ভাইরাল ঝড়ের নেপথ্যে রয়েছে অন্য কোনও কারসাজি? চলুন, খতিয়ে দেখা যাক।

ফেসবুক থেকে ইনস্টাগ্রাম— সর্বত্র এখন একটি এন্ড-ক্রেডিট স্লেট ঘুরপাক খাচ্ছে। সেখানে স্পষ্ট লেখা ‘ধুরন্ধর পার্ট ৩: দ্য মেহেম’। এই ক্লিপটি দেখে ভক্তদের উন্মাদনা তুঙ্গে। অনেকেই ধরে নিয়েছেন, আদিত্য ধর নিঃশব্দেই সেরে ফেলেছেন তৃতীয় পর্বের কাজ। তবে একটু ভালো করে ভিডিয়োটি দেখলেই ধরা পড়ছে আসল সত্যিটা। জানা যাচ্ছে, এই ভাইরাল স্লেটটি আসলে এআই-জেনারেটেড বা কৃত্রিম বুদ্ধিমত্তার কারসাজি। ছবির নির্মাতাদের পক্ষ থেকে অফিশিয়াল কোনও ঘোষণা এখনও আসেনি। এমনকি ছবির পরিচালক আদিত্য ধর বা খোদ রণবীর সিং- কেউই এই বিষয়ে মুখ খোলেননি।

এই গুজবে ঘি ঢেলেছে পরিচালক আদিত্য ধরের একটি পুরনো অনুরোধ। ছবি মুক্তির আগে তিনি দর্শকদের বলেছিলেন, “ক্রেডিট না থামা পর্যন্ত দয়া করে আসন ছাড়বেন না।” পরিচালকের এই কথা শুনেই অনেকে ধরে নেন যে শেষে বোধহয় পরের পার্টের কোনও বড় সারপ্রাইজ লুকানো আছে। আদতে ছবির শেষে গল্পের কিছু অংশ দেখানো হয়েছে ঠিকই, যা বড় ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রে স্বাভাবিক। কিন্তু সেখানে জুনে নতুন ছবি আসার কোনও নির্দিষ্ট বার্তা নেই।

আদিত্য ধর পরিচালিত এই ছবিটি মূলত পাকিস্তান-ভারত ভূ-রাজনীতি এবং অপরাধ জগতের এক টানটান আখ্যান। রণবীর সিং এখানে জাসকিরাত সিং রাঙ্গি থুড়ি হামজা আলি মাজারি নামের এক আন্ডারকভার এজেন্টের চরিত্রে অভিনয় করেছেন। সঙ্গে রয়েছেন সঞ্জয় দত্ত, আর মাধবন ও অর্জুন রামপালের মতো তারকারা। রণবীরের অভিনয় নিয়ে ইতিমধ্যেই চারদিকে জয়জয়কার। বক্স অফিসেও ছবিটি ইতিহাস গড়ছে, প্রথম চার দিনেই ৪০০ কোটির গণ্ডি টপকেছে অনায়াসেই।

গল্প কি শেষ নাকি বাকি?

আদিত্য ধর যখন এই প্রজেক্ট শুরু করেন, তখন এই গল্পকে দুই খণ্ডের সিরিজ হিসেবেই ভেবেছিলেন। সেই হিসেবে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ছিল গল্পের চূড়ান্ত পর্যায়। তবে ছবির ওপেন এন্ডিং দেখে অনেকেই আশা করছেন ভবিষ্যতে হয়তো আরও কিছু আসতে পারে। কিন্তু আপাতত জুনে ‘ধুরন্ধর ৩’ আসার খবরটি একেবারেই ভিত্তিহীন এবং ইন্টারনেটের কারসাজি ছাড়া আর কিছুই নয়। তাই ভক্তদের আপাতত অপেক্ষা করতে হবে ছবির নির্মাতাদের থেকে আসা খবরের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *