Nitin Nabin: বিজেপির সাংগঠনিক হাল হকিকত কেমন? খতিয়ে দেখতে আসতে পারেন নিতিন নবীন - 24 Ghanta Bangla News
Home

Nitin Nabin: বিজেপির সাংগঠনিক হাল হকিকত কেমন? খতিয়ে দেখতে আসতে পারেন নিতিন নবীন

Spread the love

Nitin Nabin: বিজেপির সাংগঠনিক হাল হকিকত কেমন? খতিয়ে দেখতে আসতে পারেন নিতিন নবীন

কলকাতা: বাংলায় ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে। রাজ্যে পরিবর্তন নিয়ে আশাবাদী বঙ্গ বিজেপি। এই পরিস্থিতিতে পদ্মশিবিরের সংগাঠনিক হাল হকিকত খতিয়ে দেখতে ফের রাজ্যে আসতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। আগামী সপ্তাহে সাংগঠনিক বৈঠকে যোগ দিতে রাজ্যে আসতে পারেন তিনি। বিজেপির অন্দরে তেমনই চর্চা চলছে।

বিজেপির সর্বভারতীয় সভাপতি হওয়ার পর একাধিকবার বাংলায় এসেছেন নিতিন নবীন। বঙ্গ বিজেপির পরিবর্তন যাত্রায়ও অংশ নিয়েছেন তিনি। তবে বাংলায় ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর প্রথমবার রাজ্যে আসতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। জানা গিয়েছে, এবারের বঙ্গ সফরে জোন ভিত্তিক সাংগঠনিক বৈঠক করবেন নিতিন নবীন। দলের সাংগঠনিক হাল হকিকত খতিয়ে দেখবেন। ভোটের সাংগঠনিক কৌশল স্থির করতেই সর্বভারতীয় সভাপতি আগামী সপ্তাহে রাজ্যে আসতে পারেন বলেই বিজেপি সূত্রের দাবি। সেইসঙ্গে তাঁর কর্মসূচিতে জনসভা থাকবে কি না, তাও স্পষ্ট করতে নারাজ পদ্ম ফুল শিবির।

এদিকে, বাংলায় ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগের দিন ব্রিগেডে সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে ভোটের দিন ঘোষণার পর প্রধানমন্ত্রী কবে রাজ্যে প্রচার শুরু করবে, তা এখনও নির্দিষ্ট নয়। জানা গিয়েছে, মার্চের শেষ কিংবা এপ্রিলের শুরুতে রাজ্যে ভোট প্রচার শুরু করবেন মোদী। বিজেপির অন্দরে চর্চা, আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী উত্তরবঙ্গ থেকে কর্মসূচি শুরু করতে পারেন। কারণ, প্রথম দফায় উত্তরবঙ্গের সব আসনেই ভোট রয়েছে। মোদীর জনসভা নিয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি বলে দাবি করছেন বঙ্গ বিজেপি নেতৃত্ব। মোদী, অমিত শাহ-সহ কেন্দ্রীয় নেতারা যে একাধিক সভা করবেন, তা অবশ্য স্পষ্ট।

প্রসঙ্গত, এবার বাংলায় ২ দফায় ভোট হচ্ছে। ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল। সবমিলিয়ে একমাসের থেকে কয়েকদিন বেশি রয়েছে। সব দলেরই প্রার্থীরা অবশ্য জোরকদমে প্রচারে নেমে পড়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *