Ugadi 2026: দাক্ষিণাত্যের নববর্ষের স্বাদ এবার বাঙালির হেঁশেলে, নিম-মিষ্টির যুগলবন্দিতে পাতে পড়ুক এই ৩ পদ - 24 Ghanta Bangla News
Home

Ugadi 2026: দাক্ষিণাত্যের নববর্ষের স্বাদ এবার বাঙালির হেঁশেলে, নিম-মিষ্টির যুগলবন্দিতে পাতে পড়ুক এই ৩ পদ

Ugadi 2026: দাক্ষিণাত্যের নববর্ষের স্বাদ এবার বাঙালির হেঁশেলে, নিম-মিষ্টির যুগলবন্দিতে পাতে পড়ুক এই ৩ পদ

বসন্তের ঝিরঝিরে হাওয়ায় যখন কোকিল ডাকছে, তখন বাঙালির মন পড়ে থাকে চৈত্র সেলের ভিড়ে কিংবা পয়লা বৈশাখের পঞ্জিকায়। কিন্তু ভারতের মানচিত্রের একটু দক্ষিণে নজর দিলেই দেখা যাবে অন্য ছবি। ২০২৬ সালের এই বিশেষ সময় কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ বা তেলেঙ্গানা মেতেছে ‘উগাদি’র উৎসবে, আর মহারাষ্ট্র সাজছে ‘গুড়ি পাড়োয়া’র রঙে। আপনি কি জানেন, আমাদের চৈত্র সংক্রান্তির নিম-বেগুনের মতোই দাক্ষিণাত্যের এই উৎসবেও লুকিয়ে আছে জীবন আর বিজ্ঞানের এক গভীর দর্শন? ভাবছেন তো, সুদূর দক্ষিণের এই উৎসবের সঙ্গে আমাদের কী যোগ? যোগটা আসলে রসনা তৃপ্তির। বাঙালির মাছ-ভাতের প্রেমকে অক্ষুণ্ণ রেখেই এই নতুন বছরে আপনার হেঁশেলে আসতে পারে দাক্ষিণাত্যের সাবেকি স্বাদ। বাড়িতেই বানাতে পারেন দক্ষিণি এই স্বাস্থ্যকর খাবার।

উগাদি পচাড়ি 

দক্ষিণ ভারতীয়দের বিশ্বাস, নতুন বছরের প্রথম খাবারে ছ’টি স্বাদ থাকা জরুরি। এই পচাড়ি আসলে একটি স্বাস্থ্যকর পানীয় বা চাটনি, যা শরীরকে গরমের জন্য প্রস্তুত করে।

উপকরণ: তেঁতুলের ক্বাথ, কুচোনো কাঁচা আম, গুড়, সামান্য নুন, লঙ্কা কুচি এবং এক মুঠো শুকনো নিম ফুল।

প্রণালী: একটি কাঁচের পাত্রে তেঁতুলের ক্বাথ নিয়ে তাতে একে একে গুড়, আম কুচি, নুন আর লঙ্কা মেশান। সবশেষে শুকনো নিম ফুল ছড়িয়ে দিন। তেঁতুলের টক, গুড়ের মিষ্টি আর নিমের তিতো—সব মিলিয়ে এই এক বাটি খাবারই আপনাকে রোগ প্রতিরোধ ক্ষমতা জোগাবে।

পুরন পোলি বা ওবাত্তু (ঘিয়ে ভাজা ডালপুরি)

মিষ্টি খেতে ভালোবাসেন না এমন বাঙালি খুঁজে পাওয়া দায়। মহারাষ্ট্রের ‘পুরন পোলি’ বা দক্ষিণের ‘ওবাত্তু’ ঠিক আমাদের ডালপুরির মতো হলেও স্বাদে এটি মিষ্টি।

উপকরণ: ছোলার ডাল, গুড়, এলাচ গুঁড়ো, ময়দা এবং গাওয়া ঘি।

প্রণালী: প্রথমে ছোলার ডাল সেদ্ধ করে জল ঝরিয়ে নিন। কড়াইতে ডাল আর গুড় দিয়ে ভালো করে পাকিয়ে নিয়ে আঠালো একটি ‘পুর’ তৈরি করুন। এবার ময়দার লেচির ভেতরে এই মিষ্টি ডালপুর ভরে পাতলা করে বেলে নিন। লোহার চাটুতে এপিঠ-ওপিঠ করে প্রচুর ঘি দিয়ে সেঁকে নিলেই তৈরি। ওপর থেকে এক চামচ ঘি ছড়িয়ে পরিবেশন করুন।

চিত্রান্ন বা লেমন রাইস (ঝরঝরে লেবু ভাত)

দুপুরের একঘেয়ে মেনুতে বদল আনতে লেমন রাইসের জুড়ি মেলা ভার। এটি যেমন দেখতে সুন্দর, খেতেও তেমনই হালকা।

উপকরণ: বাসমতী চালের ঝরঝরে ভাত, পাতিলেবুর রস, কারিপাতা, শুকনো লঙ্কা, সরষে, বিউলির ডাল আর কাঁচা বাদাম।

প্রণালী: কড়াইতে সামান্য তেল দিয়ে সরষে, শুকনো লঙ্কা, কারিপাতা আর বাদাম ফোড়ন দিন। সামান্য হলুদ আর হিং মিশিয়ে তাতে আগে থেকে তৈরি করা ভাত দিয়ে দিন। সবশেষে আঁচ বন্ধ করে পাতিলেবুর রস ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিন। ডাইনিং টেবিলে এর সুগন্ধ ছড়াতেই বাড়ির ছোট-বড় সবার মন জয় করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *