রবিবারও ছিলেন বাংলার স্বরাষ্ট্রসচিব, মঙ্গলবার ভিনরাজ্যে জগদীশ প্রসাদ, কেন? - 24 Ghanta Bangla News
Home

রবিবারও ছিলেন বাংলার স্বরাষ্ট্রসচিব, মঙ্গলবার ভিনরাজ্যে জগদীশ প্রসাদ, কেন?

২০২৫ সালের একদম শেষে রাজ্যের স্বরাষ্ট্রসচিব হন তিনি। রবিবার পর্যন্ত স্বরাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। কিন্তু, রবিবার বাংলায় ভোটের নির্ঘণ্ট ঘোষণার কয়েকঘণ্টা পরই স্বরাষ্ট্রসচিবের পদ থেকে জগদীশ প্রসাদ মিনাকে সরিয়ে দেয় জাতীয় নির্বাচন কমিশন। তাঁর সঙ্গে রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকেও পদ থেকে সরানো হয়। ভোটের দিনক্ষণ ঘোষণার কয়েকঘণ্টার মধ্যে মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে সরানো নিয়ে সরব হয় তৃণমূল। এই নিয়ে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠিও লেখেন তিনি। সেখানে মুখ্যমন্ত্রী লেখেন, “এই ধরনের বদলি কোনও জোরালো কারণ ছাড়াই করা হয়েছে এবং নির্বাচন পরিচালনার ক্ষেত্রে কোনও আইন লঙ্ঘন, অসদাচরণ বা গাফিলতির অভিযোগ ছাড়াই এই পদক্ষেপ করা হয়েছে।” এদিকে, কমিশন জগদীশ প্রসাদ মিনাকে স্বরাষ্ট্রসচিবের পদ থেকে সরানোর পর তাঁকে শিশু ও নারী কল্যাণ দফতরের সচিব পদে নিয়োগ করে রাজ্য সরকার। কিন্তু, এবার এই রাজ্য থেকেই জগদীশ প্রসাদ মিনাকে অন্য রাজ্যে নিয়ে চলে গেল কমিশন। তাঁকে তামিলনাড়ুর পর্যবেক্ষক করা হয়েছে। ফলে রবিবার বাংলার স্বরাষ্ট্রসচিব থেকে মঙ্গলবার তামিলনাড়ুর ভোটের পর্যবেক্ষক হয়ে গেলেন জগদীশ প্রসাদ মিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *