‘বিষ্ণু আর মহাদেব আমার অত্যন্ত প্রিয়!’ হিন্দু ছেলেকে বিয়ে থেকে বহুবিবাহ, বিস্ফোরক মুমতাজ - 24 Ghanta Bangla News
Home

‘বিষ্ণু আর মহাদেব আমার অত্যন্ত প্রিয়!’ হিন্দু ছেলেকে বিয়ে থেকে বহুবিবাহ, বিস্ফোরক মুমতাজ

Spread the love

‘বিষ্ণু আর মহাদেব আমার অত্যন্ত প্রিয়!’ হিন্দু ছেলেকে বিয়ে থেকে বহুবিবাহ, বিস্ফোরক মুমতাজ

মুমতাজ আসকারি থেকে মুমতাজ হয়ে ওঠার যাত্রাপথে ধর্ম কখনও বাধা হয়ে দাঁড়ায়নি। সম্প্রতি ‘সিতারো কা সফর’-এ দেওয়া এক সাক্ষাৎকারে এই বর্ষীয়ান অভিনেত্রী সোজাসাপ্টা ভাষায় জানিয়ে দিলেন, মুসলিম পরিবারে জন্ম নিলেও তাঁর ভক্তি কোনও নির্দিষ্ট ধর্মের গণ্ডিতে আটকে নেই। বরং হিন্দু দেবদেবীদের প্রতি তাঁর অগাধ আস্থা ও ভালোবাসার কথা জানিয়ে তিনি প্রমাণ করে দিলেন যে, বিশ্বাস হৃদয়ের বিষয়,পরিচিতির নয়।

মুমতাজ জানান, তাঁর বাড়িতে সিঁড়ির পাশেই রাখা আছে ভগবান গণেশের একটি মূর্তি। যতবার তিনি সেই সিঁড়ি দিয়ে যাতায়াত করেন, ততবারই ভক্তিভরে প্রণাম করেন গণপতিকে। তাঁর কথায়, “প্রভু শঙ্কর এবং শ্রীকৃষ্ণ আমার অত্যন্ত প্রিয়। আমি মুসলিম হলেও তাঁদের মনেপ্রাণে বিশ্বাস করি।” মহাদেবের প্রতি তাঁর আকর্ষণের একটি মজাদার কারণও জানিয়েছেন তিনি। মুমতাজ হাসিমুখে বলেন, “আমি ছোটবেলা থেকেই সুদর্শন মানুষের অনুরাগী। আমার মনে হয় ভগবান শঙ্কর সবথেকে হ্যান্ডসাম দেবতা, তাই তাঁকে আমি খুব ভালোবাসি।”

ব্যবসায়ী ময়ূর মাধবানির সঙ্গে তাঁর কয়েক দশকের দাম্পত্য নিয়ে প্রশ্ন করা হলে মুমতাজ বলেন, “আমি এক হিন্দুকে বিয়ে করেছি, আমার বোনও তাই করেছে। আমরা দুজনেই খুব সুখী। আমার স্বামী আমার খুব যত্ন নেন।” সমাজে হিন্দু-মুসলিম বিভাজন নিয়ে আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, “আমি বুঝি না মানুষ কেন সবসময় হিন্দু-মুসলিম ভাগাভাগি নিয়ে পড়ে থাকে। আমি এসবে বিশ্বাস করি না।”

সাক্ষাৎকারে বহুবিবাহ প্রথা নিয়ে নিজের তীব্র আপত্তির কথা জানিয়েছেন মুমতাজ। মুসলিম সমাজে পুরুষদের একাধিক বিয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “অনেক মুসলিম পুরুষ তিন-চারবার বিয়ে করেন এবং স্ত্রীদের ফেলে চলে যান। এর ফলে মুসলিমরা হিন্দুদের চেয়ে কীভাবে ভালো হলো?” তিনি আরও যোগ করেন, “একজন মানুষের তিন-চারবার বিয়ে করা একেবারেই উচিত নয়। আমি নিজে মুসলিম হয়েও বলছি, এটা অন্যায়। একজন স্ত্রীকে রেখে আবার অন্য কাউকে বিয়ে করা কি পাপ নয়?”

হিন্দু বিবাহ ব্যবস্থার প্রশংসা করে মুমতাজ বলেন, “সেই দিক থেকে দেখলে হিন্দুদের অনেক ভালো মনে হয়। তাঁরা সাধারণত একবারই বিয়ে করেন। কখনও হয়তো দুবার করেন, কিন্তু খুব সহজে একজনকে ছেড়ে অন্য জনের কাছে চলে যান না। সম্পর্কে মেয়েরা খুব পজেসিভ হয়, এই অনুভূতিটা বোঝা উচিত।”

ধর্ম নয়, বরং পারস্পরিক সম্মান এবং দায়বদ্ধতাই যে একটি সম্পর্কের আসল ভিত্তি— জীবনের সায়াহ্নে দাঁড়িয়ে সেটাই যেন মনে করিয়ে দিলেন ‘আপ কি কসম’ খ্যাত এই তারকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *