Cricket: ভারতকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে থাকতে চায়, আমিরকে বিঁধলেন কাইফ! - Bengali News | Cricket kaif takes a dig at amir saying he makes controversial comments about india to stay in the news headlines - 24 Ghanta Bangla News
Home

Cricket: ভারতকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে থাকতে চায়, আমিরকে বিঁধলেন কাইফ! – Bengali News | Cricket kaif takes a dig at amir saying he makes controversial comments about india to stay in the news headlines

Spread the love

কলকাতা: ভারতীয় ক্রিকেট দলকে নিয়ে বারবার বিতর্কিত মন্তব্য করার জন্য পাকিস্তানের পেসার মহম্মদ আমিরকে এবার তীব্র সমালোচনা করলেন মহম্মদ কাইফ। প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের দাবি, ইচ্ছে করেই ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করেন আমির। যাতে তিনি সংবাদমাধ্যমে আলোচনায় থাকতে পারেন। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে কথা বলতে গিয়ে কাইফ বলেন, আমির খুব ভাল করেই জানত, বিশ্বকাপে ভারত সেমিফাইনালে উঠবেই। তবুও ইচ্ছে করে এমন মন্তব্য করেছে। যাতে সংবাদমাধ্যমের শিরোনাম হয়। চর্চা হয় আমিরকে নিয়ে।

পাকিস্তানের প্রাক্তন পেসারকে নিয়ে কাইফের বক্তব্য, এই ধরনের মন্তব্যকে গুরুত্ব দেওয়ার কোনও প্রয়োজন নেই। আমির ভারতের ওপেনার অভিষেক শর্মাকে “স্লগার” বলে কটাক্ষ করেছিলেন। এমনকি তিনি ভবিষ্যদ্বাণীও করেছিলেন যে ভারত বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারবে না। এই মন্তব্যের জবাব দিতেই সরব হন কাইফ। অবশ্য তার আগেই ভারতীয় ক্রিকেট ভক্তরা সোশ্যাল মিডিয়ায় জবাব দিয়েছেন পাক ক্রিকেটারকে।

মহম্মদ কাইফ বলেছেন, “আমির কি সত্যিই জানত না, ভারত সেমিফাইনালে উঠবে? অবশ্যই জানতেন। এমন মন্তব্য ইচ্ছে করেই করেছে, যাতে খবর তৈরি হয়। আমাদের উচিত নয় এ সব মন্তব্যকে গুরুত্ব না দেওয়া। ওদের স্তরে নেমে গিয়ে জবাব দেওয়ার কোনও দরকার নেই।” শুধু মন্তব্যেই থামেননি কাইফ, তিনি আমিরের পারফরম্যান্স নিয়েও প্রশ্ন তুলেছেন। বিশেষ করে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাকিস্তানের হারের প্রসঙ্গ তুলে ধরেন তিনি। ওই ম্যাচে সুপার ওভারে বল করে একাধিক ওয়াইড দেওয়ার জন্য আমিরকে দায়ী করেন কাইফ। তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সেই ম্যাচে সুপার ওভারে যে বোলার বল করেছিলেন, সে তো আমিরই। মাত্র একটি বাউন্ডারি দিয়েছিল ঠিকই, কিন্তু এত ওয়াইড করেছিল যে ম্যাচটাই হাতছাড়া হয়ে যায়। ওর বল স্টাম্পেই পড়ছিল না। আমেরিকাকে ভয় পেয়েছিল কে, সেটা সবাই জানে।”

শেষে পাকিস্তান ক্রিকেটের সামগ্রিক অবস্থাও নিয়ে কড়া মন্তব্য করেন প্রাক্তন ভারতীয় ব্যাটার। তাঁর মতে, ক্রিকেটের ক্ষেত্রে পাকিস্তান এখন ভারতের থেকে বহু পিছিয়ে। কাইফের কথায়, “আমরা কেন ওকে নিয়ে এত ভাবছি? ওদের দেশে এখন ভালো ক্রিকেটার নেই, শক্তিশালী অধিনায়ক নেই, নির্ভরযোগ্য বোলারও নেই। ওরা সমস্যা জর্জরিত। আমরা যদি ওদের মন্তব্য নিয়ে মাথা ঘামাই, তাহলে গুরুত্ব দেওয়া হয়ে যাবে। সেটাই তো ওরা চায়।”

২০২৬ বিশ্বকাপে সুপার এইট পর্ব থেকেই ছিটকে গিয়েছে পাকিস্তান। টানা দ্বিতীয় বিশ্বকাপে সেমিফাইনালে উঠতে ব্যর্থ হল তারা। যা নিয়ে ইতিমধ্যেই তীব্র সমালোচনার মুখে পড়েছে পাকিস্তান দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *