Iranian warship sinks: ভারতের দোরগোড়ায় যুদ্ধের আঁচ? শ্রীলঙ্কার উপকূলে ডুবল ইরানের যুদ্ধজাহাজ - Bengali News | Iranian warship sinks near Sri Lanka after suspected submarine strike - 24 Ghanta Bangla News
Home

Iranian warship sinks: ভারতের দোরগোড়ায় যুদ্ধের আঁচ? শ্রীলঙ্কার উপকূলে ডুবল ইরানের যুদ্ধজাহাজ – Bengali News | Iranian warship sinks near Sri Lanka after suspected submarine strike

আমেরিকার সাবমেরিনের হামলায় ডুবল ইরানের যুদ্ধজাহাজ?

কলম্বো: ইরানের সঙ্গে আমেরিকা ও ইজরায়েলের যুদ্ধের আঁচ কি এবার পৌঁছে গেল ভারতের দোরগোড়ায়? ভারত থেকে ইরানে ফিরে যাওয়ার পথে শ্রীলঙ্কার গল উপকূলে ডুবে গেল ইরানের একটি যুদ্ধজাহাজ। একশো জনের বেশি নাবিক নিখোঁজ। অনেকে আহত হয়েছেন। সাবমেরিন হামলায় ইরানের যুদ্ধজাহাজটি ডুবে গেল কি না, সেই প্রশ্ন উঠছে। যুদ্ধজাহাজ থেকে ৩০ ইরানিকে উদ্ধার করেছে শ্রীলঙ্কা নৌসেনা।

আন্তর্জাতিক ফ্লিট রিভিউয়ে যোগ দিতে ফেব্রুয়ারিতে ভারতের বন্দর শহর বিশাখাপটনমে এসেছিল ইরানের এই যুদ্ধজাহাজ ‘ডেনা’। একাধিক দেশের যুদ্ধজাহাজ এতে অংশ নিয়েছিল। আন্তর্জাতিক ফ্লিট রিভিউয়ের পর ইরানে ফিরে যাচ্ছিল যুদ্ধজাহাজটি। এদিন শ্রীলঙ্কার স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার সময় যুদ্ধজাহাজটি গল উপকূল থেকে ৪০ নটিক্যাল মাইল দূরে ছিল। তখনই শ্রীলঙ্কার নৌসেনা ইরানের যুদ্ধজাহাজ থেকে একটা বার্তা পায়। তৎক্ষণাৎ উদ্ধারকাজে নামে শ্রীলঙ্কার নৌসেনা ও বায়ুসেনা।

শ্রীলঙ্কার এক পদস্থ আধিকারিক বলেন, “আমাদের ধারণা ওই যুদ্ধজাহাজটিতে ১৮০ জনের মতো ছিলেন।” এখনও পর্যন্ত ওই যুদ্ধজাহাজ থেকে ৩০ জনকে উদ্ধার করা হয়েছে। তার মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আহতদের গলের হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের আঘাত দেখে উদ্ধারকারীদের ধারণা, কোনও হামলার জেরে এই আঘাত পেয়েছেন নাবিকরা।

কীভাবে ইরানের যুদ্ধজাহাজটি ডুবল, তা নিয়ে শ্রীলঙ্কার প্রশাসনের তরফে প্রকাশ্যে কোনও মন্তব্য করা হয়নি। আমেরিকার সাবমেরিনের হামলায় যুদ্ধজাহাজটি ডুবল কি না, সেই প্রশ্ন উঠছে। তবে ভারত মহাসাগরে যে আমেরিকার সাবমেরিন রুটিন পেট্রলিং করে, তা স্বীকার করেছেন শ্রীলঙ্কার আর এক আধিকারিক।

বিরোধীরা এদিন শ্রীলঙ্কার সংসদে প্রশ্ন তোলেন, ইরানের সঙ্গে আমেরিকা-ইজরায়েলের সংঘাতের জেরেই কি এই যুদ্ধজাহাজে হামলা চালানো হয়েছে? শ্রীলঙ্কা সরকারের তরফে এই নিয়ে কোনও জবাব দেওয়া হয়নি। আন্তর্জাতিক এই সংঘাত নিয়ে নিরপেক্ষ নীতি নিয়েছে শ্রীলঙ্কা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *