Iran-US Conflict : তেলের ট্যাঙ্কারে প্রবল বিস্ফোরণ, মধ্যপ্রাচ্যের সংঘাতে ঝলসে মৃত্যু এক ভারতীয়র - Bengali News | First Indian death in West Asia Conflict - 24 Ghanta Bangla News
Home

Iran-US Conflict : তেলের ট্যাঙ্কারে প্রবল বিস্ফোরণ, মধ্যপ্রাচ্যের সংঘাতে ঝলসে মৃত্যু এক ভারতীয়র – Bengali News | First Indian death in West Asia Conflict

Spread the love

তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণImage Credit: x

ওমান : মধ্যপ্রাচ্য জ্বলছে। ইরান-আমেরিকার সংঘাতে বহু মানুষের মৃত্যু হয়েছে। এবার সেই সংঘাতের বলি হলেন এক ভারতীয়। সোমবার ওমান উপকূলে অয়েল ট্যাঙ্কারে ড্রোন হামলায় মৃত্যু হয়েছে তাঁর। মধ্যপ্রাচ্যের সংঘাতে এই প্রথম কোনও ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। মৃত্যুর খবর নিশ্চিত করেছে ওমানের প্রতিরক্ষা মন্ত্রক। ঘটনায় শোকপ্রকাশ করেছে ভারতীয় দূতাবাস।

ভারতীয় দূতাবাসের তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, ওমানে এক ভারতীয় নাবিকের মৃত্যুতে শোকাহত। মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। ভারতীয়দের নিরাপত্তা স্থির করা প্রথম দায়িত্ব। জাহাজে থাকা ভারতীয়দের দ্রুত নিরাপদে দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে। সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তেল ট্যাঙ্কারে ভয়ঙ্কর বিস্ফোরণ

ওমানের তরফে জানানো হয়েছে,মুসকাট গভর্নরেট উপকূল থেকে ৫২ নটিক্যাল মাইল উত্তর-পশ্চিমে ‘এমকেডি ব্যোম’ নামের তেলবাহী জাহাজটির উপর হামলা চালানো হয়। জাহাজের ট্যাঙ্কারে ধাক্কা মারে একটি নৌকা। প্রবল বিস্ফোরণ ঘটে। তারপরই আগুন ছড়িয়ে পড়ে। হামলার সময় জাহাজে ৫৯ হাজার ৪৬৩ মেট্রিক টন পণ্য বোঝাই ছিল। জানা গিয়েছে, ওই জাহাজে মোট ২১ জন নাবিক ছিলেন। তার মধ্যে ১৬ জন ভারতীয়, ৪ জন বাংলাদেশি, ও এক ইউক্রেনের নাগরিক ছিলেন । হামলার পর দ্রুত জাহাজ থেকে তাঁদের উদ্ধার করা হয়। বাকি এক নাবিকের মৃত্যু হয়। ওমানের তরফে জানানো হয়েছে, ওই নাবিক ভারতীয় ছিলেন। তবে তাঁর নাম প্রকাশ্যে আনেনি ওমান সরকার। প্রসঙ্গেত, একদিন আগেই আরও একটি তেলের ট্যাঙ্কারে হামলা চালানো হয়েছিল। ওই জাহাজেও ১৫ জন ভারতীয় ছিলেন ও ৫ জন ইরানের বাসিন্দা বলে খবর।

জানা গিয়েছে, পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে লক্ষ লক্ষ ভারতীয় রয়েছেন। বিদেশমন্ত্রক সূত্রে খবর, মোট ১৫টি দেশে মোট ৮৯ লাখ ২৩ হাজার ২৮১ ভারতীয়রা রয়েছেন। তাঁদের দ্রুত উদ্ধারের ব্যবস্থা করা হচ্ছে বলে জানানো হয়েছে বিদেশমন্ত্রকের তরফে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইজ়রায়েলের প্রধানমন্ত্রীকে ফোনও করেন তিনি। সাধারণ নাগরিকদের নিরাপত্তাকেও যাতে অগ্রাধিকার দেওয়া হয়, সেই নিয়েও কথা হয়েছে দুই দেশের প্রধানের মধ্যে। এদিকে, মধ্যপ্রাচ্যে সংঘাতের আঁচ পৌঁছেছে ভারতের বিভিন্ন জায়গায়। জম্মু-কাশ্মীরে বিক্ষোভের আগুন জ্বলেছে। ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে সব রাজ্যগুলিকে চিঠি দিয়ে সতর্ক করে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *