বান্দ্রার রাস্তায় মেয়ে রাহাকে সঙ্গে নিয়ে হোলির উৎসবে মাতলেন রণবীর কাপুর - Bengali News | Ranbir Kapoor Celebrates Holi 2026 with Daughter Raha in Bandra; Video Goes Viral - 24 Ghanta Bangla News
Home

বান্দ্রার রাস্তায় মেয়ে রাহাকে সঙ্গে নিয়ে হোলির উৎসবে মাতলেন রণবীর কাপুর – Bengali News | Ranbir Kapoor Celebrates Holi 2026 with Daughter Raha in Bandra; Video Goes Viral

মায়ানগরীতে এখন রঙের উৎসবের মেজাজ। বলিউডের অন্যান্য তারকাদের মতোই ২০২৬-এর হোলি উদযাপনে মেতে উঠলেন রণবীর কাপুর। তবে এবারের রঙ খেলা রণবীরের কাছে একটু বেশিই স্পেশাল, কারণ তাঁর সঙ্গে ছিল তিন বছরের একরত্তি মেয়ে রাহা কাপুর। মুম্বইয়ের বান্দ্রার রাস্তায় ক্য়ামেরাবন্দি হলেন বাবা মেয়ে।

ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, রণবীর কাপুর একেবারে ঘরোয়া মেজাজে ধরা দিয়েছেন। পরনে একটি ধূসর রঙের টি-শার্ট এবং নীল শর্টস। মুখে মাখা আবির। বান্দ্রার রাস্তায় যখন তিনি হাঁটছিলেন, তখন তাঁকে ঘিরে ধরেন প্যাপারাৎজিরা। রণবীরও বিমুখ করেননি; হাসিমুখে তাঁদের দিকে হাত নাড়েন এবং এগিয়ে গিয়ে করমর্দনও করেন। ভিডিয়োর একেবারে শেষ দিকে ছোট্ট রাহার একঝলক দেখা মিলেছে, যা দেখে অনুরাগীদের মন ভরে গিয়েছে।

তবে শুধু রাহার সঙ্গেই হোলি খেলা নিয়েই নয়, রণবীরের নতুন লুক নিয়েও চর্চা তুঙ্গে। গত কয়েক দিন ধরে যাঁকে একটু রুক্ষ এবং দাড়ি-গোঁফওয়ালা লুকে দেখা যাচ্ছিল, সেই রণবীর এবার একেবারে ‘ক্লিন শেভেন’। জানা গিয়েছে, সঞ্জয় লীলা বনশালির বহু প্রতীক্ষিত ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর জন্যই অভিনেতার এই ভোলবদল। গতকালই তাঁকে এই মার্জিত লুকে প্রথমবার দেখা গিয়েছিল, যা দেখে অনুরাগীদের মনে কৌতূহল জেগেছে।

রণবীরের ঝুলিতে এখন বড় বড় সব কাজ। একদিকে আলিয়া ভাট এবং ভিকি কৌশলের সঙ্গে ‘লাভ অ্যান্ড ওয়ার’, অন্যদিকে নীতীশ তিওয়ারির মহাকাব্যিক সিনেমা ‘রামায়ণ’। যেখানে শ্রীরামচন্দ্রের ভূমিকায় দেখা যাবে তাঁকে। ২০২৬-এর দীপাবলিতেই মুক্তি পাওয়ার কথা রয়েছে রামায়ণের প্রথম পর্বের।

ব্যক্তিগত জীবনে মেয়ের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি পেশাদার ক্ষেত্রেও যে তিনি কড়া পরিশ্রম করছেন তা এই লুক পরিবর্তন থেকেই স্পষ্ট। তবে ব্যস্ততার মাঝেও মেয়ের সঙ্গে এই আনন্দঘন মুহূর্তগুলোই যেন তাঁর কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *