Malda: দেওয়াল লিখন ঘিরে চড়ছে রাজনীতি, তৃণমূল-বিজেপি সংঘর্ষে তপ্ত বামনগোলা – Bengali News | Politics is escalating around graffiti on the wall, Trinamool BJP clash heats up
মালদহ: দেওয়াল লিখনকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি-র হাতাহাতি। আহত দু’পক্ষের দু’জন। মালদহের বামনগোলা থানার গোবিন্দপুর মহেশপুর গ্রাম পঞ্চায়েতের গঙ্গাপ্রসাদ কলোনী এলাকার ঘটনা। উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে বামনগোলা থানার পুলিশ। রাজ্যজুড়ে বিজেপির দেওয়াল লেখা কর্মসূচি চলছে। তৃণমূলের অভিযোগ, গঙ্গাপ্রসাদ কলোনি এলাকায়, তাঁদের দেওয়াল লিখন মুছে দিয়ে তার ওপর দেওয়াল লেখার চেষ্টা করে বিজেপি কর্মী সমর্থকরা। অভিযোগ, তাঁরা প্রতিবাদ করলে তাঁদের উপর চড়াও হয় বিজেপি কর্মীরা।
তৃণমূলের দাবি, তাঁদেরই এক সমর্থককে বেধড়ক মারধর করা হয়। বর্তমানে তিনি মালদহ শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। পাল্টা বিজেপির অভিযোগ, তারা ‘দেওয়াল লেখা’ কর্মসূচিতে ছিলেন। সেই সময় হঠাৎ তৃণমূলের কর্মীরা তাঁদের উপর চড়াও হন। তাঁদেরকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। থানায় অভিযোগ জানালে, তাঁদের লাগাতার হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি বিজেপির। আর এই ঘটনা কে কেন্দ্র করে শুরু হয়েছে তৃণমূল বিজেপির মধ্যে রাজনৈতিক তরজা।
এ প্রসঙ্গে মালদহ জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুণ্ডু বলেন, “কেউ যদি বাড়িয়ে বানিয়ে মিথ্যা কথা বলে, তাতে কিছু বলার নেই। পুলিশ তদন্ত করছে, গোটা বিষয়টি দেখবে।”
বিজেপির উত্তর মালদহ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বীনা কীর্তনিয়া বলেন, “ওই দেওয়াল আমাদের লেখা। বাড়ির মালিকেরই অনুমতি নিয়ে। এবার তৃণমূল গন্ডগোল করার জন্যই এটা করল। ভোটের আগে এটা করে।”